দীপু দাস নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা কেন?’ বাংলাদেশ ইস্যুতে মোদি ও বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দীপু দাস নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা কেন?’ বাংলাদেশ ইস্যুতে মোদি ও বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু দীপু দাস হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল সেনাপতির প্রশ্ন—যাঁরা নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করেন, তাঁরা কেন এই ঘটনায় নীরব?

‘দীপু দাস নিয়ে একটা টুইটও নেই’—প্রধানমন্ত্রীকে প্রশ্ন

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দীপু দাস হত্যাকাণ্ডের ঘটনায় কেন্দ্রের তরফে কিছু বিবৃতি এলেও আলাদা করে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রীর কোনও মন্তব্য সামনে আসেনি। তাঁর কথায়, “দীপু দাস নিয়ে প্রধানমন্ত্রীর একটা টুইটও নেই। অথচ এঁরা নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করেন। তা হলে এই নীরবতা কেন?”

ইউনুস প্রসঙ্গ টেনে মোদি সরকারকে কটাক্ষ

অভিষেক আরও বলেন, মাত্র দু’মাস আগেই প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী নেতা মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে সৌজন্য বিনিময় করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে তাঁর প্রশ্ন, “তখন হাত মিলিয়েছিলেন, এখন সংখ্যালঘু হিন্দু খুন হলে চুপ কেন?”

শুভেন্দু অধিকারীকেও নিশানা

এই ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে ইউনুসের সরকার ভালো। এখন ওখানেই যদি হিন্দুদের মারা হয়, তার দায় কে নেবে?

‘জামাত আর বিজেপি একই ভাষায় কথা বলছে

বাংলাদেশের পরিস্থিতিকে হাতিয়ার করে ভারতে বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দীপু দাসকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “ও দিকে জামাত যা বলছে, এ দেশে বিশেষ করে বাংলায় বিজেপিও একই ভাষায় কথা বলছে। এটাই সবচেয়ে বিপজ্জনক।”

ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ

অভিষেকের বক্তব্য, দীপু দাস ধর্মের বিরুদ্ধে কুরুচিকর কথা বলেছিলেন—এমন দাবি করা হচ্ছে, কিন্তু তার কোনও প্রমাণ নেই। তিনি প্রশ্ন তোলেন, এই কথা কে ছড়াল এবং কোন উদ্দেশ্যে? তাঁর অভিযোগ, বাংলাদেশে এই ঘটনা নিয়ে রাজনীতি হচ্ছে, আর ভারতে বিজেপি তা ব্যবহার করছে ভোটের স্বার্থে।

বিদেশনীতিতে কেন্দ্রের পাশে তৃণমূল

তবে আক্রমণের মাঝেও অভিষেক স্পষ্ট করে দেন, বাংলাদেশের মতো আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে, তাতে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। বিদেশনীতি নিয়ে বরাবরই কেন্দ্রের সঙ্গে ঐক্যের কথা তুলে ধরে তিনি বলেন, “পহেলগাঁও হামলা থেকে অপারেশন সিঁদুর—সব ক্ষেত্রেই আমরা কেন্দ্রের পাশে থেকেছি।”

‘তবু সিদ্ধান্ত জানানো হচ্ছে না কেন?’

অভিষেকের প্রশ্ন, যদি কেন্দ্র বাংলাদেশের বিষয়ে কোনও কূটনৈতিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে থাকে, তা প্রকাশ্যে জানানো হচ্ছে না কেন? তাঁর মতে, স্বচ্ছতার অভাবই সন্দেহ বাড়াচ্ছে।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু দীপু দাস হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরের নীরবতা প্রশ্নের মুখে তুলে কড়া কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজনীতির সঙ্গে জামাতের ভাষার মিল রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Leave a comment