প্রচণ্ড গরমে স্বস্তি পেতে এসি চালানো এখন নিত্যদিনের অভ্যাস। কিন্তু অনেকেই জানেন না—এসি কত ডিগ্রিতে চালালে সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় হয়। ভুল সেটিংসেই বাড়ছে বিল, কমছে পকেটের সঞ্চয়!

১৮ ডিগ্রি নয়, মাঝামাঝি তাপমাত্রাই সেরা
অনেকের ধারণা, এসি ১৮ ডিগ্রিতে রাখলে ঘর দ্রুত ঠান্ডা হয়। কিন্তু বাস্তবে ঘরের তাপমাত্রা ২৬ ডিগ্রিতে নামতে যে সময় লাগে, তা ১৮ ডিগ্রি বা ২৬ ডিগ্রি—দুই ক্ষেত্রেই প্রায় একই। তাই অযথা কম তাপমাত্রা সেট করা মানেই বাড়তি বিদ্যুৎ খরচ।
কেন বেশি ডিগ্রিতে কম খরচ হয়?
এসি কম তাপমাত্রায় সেট করলে কম্প্রেসর দীর্ঘ সময় ধরে কাজ করে। ফলে বিদ্যুৎ খরচ বাড়ে। কিন্তু ২৪-২৬ ডিগ্রির মতো মাঝামাঝি তাপমাত্রায় রাখলে কম্প্রেসর কম সময় চালু থাকে, ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়।
২৭ ডিগ্রিতে চালালে বছরে বড় সাশ্রয়
বিশেষজ্ঞদের মতে, এসির তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে বাড়িয়ে ২৭ ডিগ্রি করলে বছরে প্রায় ৬,০০০ টাকার বেশি সাশ্রয় হতে পারে। পাশাপাশি প্রায় ৯৬০ ইউনিট বিদ্যুৎও বাঁচানো সম্ভব যদি বছরে ৭-৮ মাস এসি ব্যবহার করা হয়।

এসি বিল নির্ভর করে আরও যেসব বিষয়ের উপর
শুধু তাপমাত্রা নয়, আরও কয়েকটি বিষয় বিদ্যুৎ খরচে প্রভাব ফেলে—
এসির স্টার রেটিং
বাইরের তাপমাত্রা
ব্যবহারের সময়
ঘরের আকার
ঘরের ইনসুলেশন
ঘরে থাকা মানুষের সংখ্যা

অতিরিক্ত ঠান্ডা শরীরের জন্যও ক্ষতিকর
অনেকেই কম তাপমাত্রায় এসি চালিয়ে কম্বল ব্যবহার করেন—যা একদিকে বিদ্যুৎ অপচয়, অন্যদিকে স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। বাইরে গরম আর ঘরের ভিতরে অতিরিক্ত ঠান্ডা হলে শরীরের উপর চাপ পড়ে।

গরমে এসি ছাড়া উপায় নেই, কিন্তু ভুল তাপমাত্রায় চালালে বাড়তে পারে বিদ্যুৎ বিল। বিশেষজ্ঞদের মতে, সঠিক ডিগ্রিতে এসি চালালে বছরে হাজার হাজার টাকা সাশ্রয় সম্ভব।













