লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বাংলার মহিলাদের জন্য আরও বড় আর্থিক সহায়তার পরিকল্পনা রাজ্য সরকারের। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা হতেই জোর চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের বহু উপভোক্তার নাম সরাসরি যুক্ত হতে পারে নতুন তালিকায়। তবে কিছু ক্ষেত্রে কড়া যাচাইও চলবে বলে জানিয়ে দিল সরকার।
লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে!
সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তাঁদের বড় অংশকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হতে পারে। অর্থাৎ, আগে যেখানে মাসিক ১৫০০ টাকা মিলত, সেখানে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে কড়কড়ে ৩০০০ টাকা। ফলে বাংলার লক্ষাধিক মহিলা সরাসরি উপকৃত হতে পারেন বলেই মনে করা হচ্ছে।
১ জুন থেকে নতুন আবেদন? কী জানা গেল
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগামী ১ জুন থেকে নতুন আবেদন গ্রহণের সম্ভাবনা রয়েছে। যাঁরা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেননি, তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন গ্রহণের আগে বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হবে। সরকার চাইছে প্রকৃত উপভোক্তারাই যেন এই সুবিধা পান।
কোন কোন ক্ষেত্রে বাদ পড়তে পারেন আবেদনকারী?
সব আবেদনকারী যে প্রকল্পের সুবিধা পাবেন, তা নয়। মন্ত্রী জানিয়েছেন, কয়েকটি নির্দিষ্ট বিষয়ে কড়া নজর রাখা হবে। বিশেষ করে আয়কর দাতাদের ক্ষেত্রে তালিকা যাচাই করা হবে। অর্থাৎ যাঁরা ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছেন, তাঁদের নাম বাদ পড়তে পারে।এছাড়াও SIR তালিকায় মৃত, স্থানান্তরিত বা অনুপস্থিত হিসেবে যাঁদের নাম চিহ্নিত হয়েছে, তাঁরাও এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। ফলে আবেদনকারীদের তথ্য যথাযথ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
CAA আবেদনকারীরা কি টাকা পাবেন?
সরকারি ব্যাখ্যা অনুযায়ী, CAA-তে আবেদন করেছেন এমন ব্যক্তিরাও প্রকল্পের সুবিধা পেতে পারেন। পাশাপাশি SIR ট্রাইব্যুনালে আবেদনকারীদের ক্ষেত্রেও সুযোগ রাখা হচ্ছে। তবে এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক বলে স্পষ্ট জানানো হয়েছে।
পোর্টাল এখনও চালু হয়নি, কবে শুরু?
সবচেয়ে বড় প্রশ্ন ছিল—অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল কবে চালু হবে? এই বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, এখনও পোর্টাল চালু হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা করেই তা চালু করা হবে। বাজেট ও প্রশাসনিক প্রস্তুতির পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বাংলার মহিলাদের জন্য বড় ঘোষণা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে ৩০০০ টাকা করে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। ১ জুন থেকে নতুন আবেদন নেওয়ার সম্ভাবনা তৈরি হলেও এখনও চালু হয়নি পোর্টাল। কারা আবেদন করতে পারবেন, কারা এই সুবিধা থেকে বাদ পড়তে পারেন—তা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।











