২০২৬ সালে Apple-এর বড় বাজি! কম দামের ম্যাকবুক থেকে ফোল্ডেবল iPhone—কী কী চমক আনতে চলেছে কুপারটিনো?

২০২৬ সালে Apple-এর বড় বাজি! কম দামের ম্যাকবুক থেকে ফোল্ডেবল iPhone—কী কী চমক আনতে চলেছে কুপারটিনো?

নয়াদিল্লি: আইফোন, ম্যাকবুক আর অ্যাপল ওয়াচেই থেমে থাকতে চাইছে না Apple। প্রযুক্তি দুনিয়ার অন্দরমহলের খবর বলছে, ২০২৬ সালে একাধিক সম্পূর্ণ নতুন পণ্য ও বিভাগে প্রবেশ করতে পারে কুপারটিনোভিত্তিক সংস্থাটি। স্মার্ট হোম থেকে ফোল্ডেবল ফোন এবং অগমেন্টেড রিয়েলিটি—সব মিলিয়ে বড়সড় রোডম্যাপ তৈরি করছে Apple।

Apple Smart Home Hub—ঘরের সব নিয়ন্ত্রণ এক জায়গায়

সবচেয়ে আলোচিত নতুন ডিভাইসগুলির মধ্যে রয়েছে Apple-এর স্মার্ট হোম হাব। গুজব অনুযায়ী, এতে থাকতে পারে ৬ থেকে ৭-ইঞ্চি বর্গাকার ডিসপ্লে ও শক্তিশালী A18 চিপ। এটি স্মার্ট লাইট, ক্যামেরা, লকসহ বিভিন্ন হোম অ্যাকসেসরিজের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ইউনিট হিসেবে কাজ করবে। ফেসটাইম কল, হোম সিকিউরিটি মনিটরিং এবং Siri-নির্ভর ভয়েস কন্ট্রোলও থাকতে পারে। টেবিলে রাখার পাশাপাশি দেওয়ালে মাউন্ট করার সুবিধাও মিলবে।

Face ID স্মার্ট ডোরবেল—নিরাপত্তায় Apple-স্টাইল

Apple নাকি কাজ করছে একটি Face ID-সক্ষম স্মার্ট ডোরবেলের উপরও। এই ডিভাইসটি স্মার্ট লকের সঙ্গে যুক্ত হয়ে মুখ শনাক্ত করে প্রবেশের অনুমতি দেবে। এনক্রিপ্টেড ভিডিও স্টোরেজ ও Secure Enclave প্রযুক্তির মাধ্যমে গোপনীয়তা রক্ষা করা হবে বলে দাবি। যদিও এটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে, ২০২৬ সালে আনুষ্ঠানিক লঞ্চ হতে পারে।

কম দামের ম্যাকবুক—ছাত্রদের জন্য Apple-এর নতুন অস্ত্র

সবচেয়ে বাস্তবসম্মত ও আকর্ষণীয় লঞ্চ হতে পারে Apple-এর নতুন কম দামের ম্যাকবুক। জানা যাচ্ছে, এতে থাকতে পারে iPhone 16 Pro-এর A18 Pro চিপের একটি সংস্করণ। ম্যাকবুক এয়ারের নিচে অবস্থান করা এই ল্যাপটপে ১২.৯ থেকে ১৩-ইঞ্চি ডিসপ্লে, ৮GB RAM এবং সীমিত USB-C পোর্ট থাকতে পারে। পারফরম্যান্স M1 ম্যাকবুকের কাছাকাছি হওয়ায় এটি ছাত্রছাত্রী ও সাধারণ ব্যবহারকারীদের জন্য আদর্শ এন্ট্রি-লেভেল ডিভাইস হতে পারে।

ফোল্ডেবল iPhone—Apple-এর সবচেয়ে প্রিমিয়াম ফোন?

সবচেয়ে উত্তেজনাপূর্ণ গুজব নিঃসন্দেহে ফোল্ডেবল আইফোন। আইফোন ১৮ প্রো সিরিজের সঙ্গে এটি লঞ্চ হতে পারে বলে দাবি। বইয়ের মতো ভাঁজ হওয়া এই ফোনে থাকতে পারে ৭.৭-ইঞ্চি অভ্যন্তরীণ স্ক্রিন ও ৫.৩-ইঞ্চি কভার ডিসপ্লে। ভেতরের স্ক্রিন সরবরাহ করতে পারে Samsung। Face ID বাদ দিয়ে পাওয়ার বাটনে Touch ID দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দাম হবে Apple-এর ইতিহাসে অন্যতম সর্বোচ্চ।

AR স্মার্ট গ্লাস—ভবিষ্যতের পথে Apple

Vision Pro-এর পর Apple নাকি হালকা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী AR স্মার্ট গ্লাস আনতে চলেছে। এতে থাকতে পারে স্পিকার, ক্যামেরা, ভয়েস কন্ট্রোল এবং কিছু হেলথ ট্র্যাকিং ফিচার। প্রাথমিক সংস্করণে সম্পূর্ণ ডিসপ্লে নাও থাকতে পারে, তবে ভবিষ্যতে উন্নত মডেল আসার সম্ভাবনা রয়েছে।

২০২৬ সাল Apple-এর জন্য হতে পারে একেবারে নতুন দিগন্তের বছর। স্মার্ট হোম হাব, কম দামের ম্যাকবুক, ফোল্ডেবল আইফোন থেকে শুরু করে AR স্মার্ট গ্লাস—একাধিক নতুন ক্যাটাগরিতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে সংস্থা, দাবি প্রযুক্তি মহলের গুজব।

Leave a comment