রবিবার সন্ধ্যা প্রায় ৫টার দিকে মধ্যপ্রদেশের সাতনা জেলার উচেহারা থানার অধীন পপরেঙ্গা গ্রামে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি শিবমন্দিরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ট্রাকের ক্লিনার নিহত হন এবং চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মাইহার থেকে উত্তর প্রদেশের রায়বেরেলির উদ্দেশে লুজ সিমেন্ট বহন করছিল বাল্কার ট্রাকটি। পপরেঙ্গা গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সি জিতেন্দ্র কোল ট্রাকের চালকের সঙ্গে যাত্রা করছিলেন। যাত্রাপথে বাড়িতে খাবার খাওয়ার জন্য ট্রাকটি গ্রামের দিকে ঘোরানোর সময় শিবমন্দিরের কাছে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে আঘাত করে।

ধাক্কায় ট্রাকের কেবিন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জিতেন্দ্র কোল কেবিনে আটকে পড়েন। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। কেবিনে আটকে থাকা জিতেন্দ্র কোলের মরদেহ উদ্ধার করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
মন্দির থেকে ট্রাক সরাতে দুটি বড় ক্রেন ডাকা হয় এবং ট্রাকটি সড়কের পাশে রাখা হয়। সংঘর্ষে শিবমন্দিরেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে জিতেন্দ্র কোলের বাবা জয়করণ কোলের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। উচেহারা থানার পুলিশ ট্রাকচালকের খোঁজ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং ট্রাকের মালিক ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।











