ঘন্টার পর ঘন্টা বাথরুমে বসেও পেট পরিষ্কার না হওয়ার অভিজ্ঞতা অনেকের কাছেই পরিচিত। অনিয়মিত খাদ্যাভ্যাস, কম জল পান, শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত মানসিক চাপ—সব মিলিয়ে অস্বাস্থ্যকর জীবনযাত্রাই আজ কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ। তবে সুখবর হল, প্রতিদিনের রুটিনে সামান্য পরিবর্তন আনলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
কোষ্ঠকাঠিন্য কী এবং কেন বাড়ছে?
চিকিৎসকদের মতে, সপ্তাহে তিনবারের কম মলত্যাগ, শক্ত মল, অতিরিক্ত চাপ দিতে হওয়া বা পেট পুরোপুরি পরিষ্কার না হওয়ার অনুভূতিই দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। আধুনিক জীবনে ফাস্টফুড নির্ভরতা, ফাইবারের অভাব ও দীর্ঘক্ষণ বসে কাজ করার প্রবণতায় এই সমস্যা দ্রুত বাড়ছে।
সকালে জল পানই প্রথম দাওয়াই
ডায়েটিশিয়ানদের পরামর্শ, সকালে ঘুম থেকে উঠে সাত-আট গ্লাস কুসুম গরম বা সাধারণ জল পান করলে অন্ত্র সক্রিয় হয়। জল মলকে নরম করে এবং অন্ত্রের গতিবিধি স্বাভাবিক রাখতে সাহায্য করে। চাইলে এই জলে কয়েক ফোঁটা লেবুর রস বা কয়েকটি পুদিনা পাতা যোগ করা যেতে পারে, যা হজম শক্তি বাড়ায়।
প্রাকৃতিক জোলাপ হিসেবে কাজ করে ডুমুর ও আলুবোখারা
রাতভর জলে ভেজানো ডুমুর বা আলুবোখারা সকালে খালি পেটে খেলে অন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায়। এগুলি ফাইবার সমৃদ্ধ হওয়ায় মলত্যাগ সহজ হয় এবং দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যেও উপকার পাওয়া যায়।
চিয়া ও তিসি বীজের জাদু
চিয়া বা তিসির বীজ জল বা দইয়ের সঙ্গে মিশলে জেলের মতো ফুলে ওঠে। এই দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার মলকে ভারী ও নরম করে, ফলে পেট পরিষ্কার সহজ হয়।
পেঁপে ও প্রোবায়োটিকের ভূমিকা
পেঁপেতে থাকা ‘পাপেইন’ এনজাইম হজমে সহায়ক। পাশাপাশি দই ও ঘোলের মতো প্রোবায়োটিক খাবার অন্ত্রের ভাল ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রেখে পাচনতন্ত্রকে সুস্থ রাখে।
বর্তমান ব্যস্ত ও অনিয়মিত জীবনযাত্রায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ কিন্তু যন্ত্রণাদায়ক সমস্যা হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, সকালে পর্যাপ্ত জল পান এবং কিছু সহজ ঘরোয়া উপাদান—যেমন লেবুর রস বা পুদিনা পাতা—পাচনতন্ত্রকে সক্রিয় করে পেট পরিষ্কারে সাহায্য করতে পারে। নিয়মিত অভ্যাসে ফিরতে পারে স্বাভাবিক হজম।













