আজকাল বাজারে ফল কিনতেও ভয়! প্রাকৃতিকভাবে পাকা কলার বদলে দেদার বিক্রি হচ্ছে কারবাইড দিয়ে পাকানো কলা। বাইরে থেকে দেখতে আকর্ষণীয় হলেও এই কলা স্বাস্থ্যের জন্য ভয়ংকর বলে সতর্ক করছেন চিকিৎসকরা। কিন্তু সাধারণ ক্রেতা কীভাবে বুঝবেন কোন কলা নিরাপদ আর কোনটা নয়?
কেন বিপজ্জনক কারবাইড দিয়ে পাকানো কলা?
বিশেষজ্ঞদের মতে, কলা পাকাতে ব্যবহৃত ক্যালসিয়াম কারবাইড অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক। আর্দ্রতার সংস্পর্শে এলে এটি অ্যাসিটিলিন গ্যাস ছাড়ে, যা মানব শরীরের জন্য বিষাক্ত। দীর্ঘদিন এই ধরনের ফল খেলে হজমের সমস্যা, গাট হেলথের ক্ষতি এমনকি স্নায়ু ও লিভারের জটিল রোগের ঝুঁকিও বাড়তে পারে।
প্রাকৃতিকভাবে কলা পাকার প্রক্রিয়া
কাঁচা অবস্থায় কলা সবুজ থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজে থেকেই ইথিলিন গ্যাস নির্গত করে পাকতে শুরু করে। এই প্রক্রিয়ায় স্টার্চ ধীরে ধীরে চিনিতে রূপান্তরিত হয়। স্বাভাবিকভাবে পাকতে সময় লাগে, তাই বাজারে দ্রুত হলুদ কলা দেখলেই সতর্ক হওয়া প্রয়োজন।
দেখেই বুঝুন—কলায় কেমিক্যাল আছে কি না
কারবাইড দিয়ে পাকানো কলা সাধারণত অস্বাভাবিকভাবে উজ্জ্বল বা নীয়ন হলুদ হয়। অনেক সময় কলার ডগা সবুজই থেকে যায়। খোসা অতিরিক্ত চকচকে বা প্লাস্টিকের মতো দেখালে সেই কলা না কেনাই ভাল।
গন্ধ ও স্বাদেও মিলবে ইঙ্গিত
প্রাকৃতিকভাবে পাকা কলায় হালকা মিষ্টি সুগন্ধ থাকে। কিন্তু কেমিক্যাল দিয়ে পাকানো কলায় প্রায় কোনও গন্ধ থাকে না, কখনও হালকা রাসায়নিক গন্ধ পাওয়া যায়। স্বাদেও পার্থক্য স্পষ্ট—এই কলা সাধারণত শক্ত, শুষ্ক ও স্বাদহীন হয়।
খোসা ছাড়ালেই ধরা পড়ে ভেজাল
প্রাকৃতিক কলার খোসা কিছুটা ম্লান ও শুষ্ক দেখায় এবং ভিতরের অংশ সমানভাবে নরম থাকে। কিন্তু কারবাইড দেওয়া কলার খোসা মোমের মতো আঠালো হয়, ভিতরে অংশ শক্ত বা গুঁড়োর মতো হতে পারে। অনেক সময় খোসা ছাড়াতে গিয়ে কলা ছিঁড়ে যায়।
নিরাপদ থাকার স্মার্ট টিপস
বিশেষজ্ঞদের পরামর্শ—সম্ভব হলে সবুজ কলা কিনে বাড়িতে নিজে পাকান। অতিরিক্ত চকচকে ফল এড়িয়ে চলুন। স্থানীয় কৃষক বা ছোট বিক্রেতার কাছ থেকে ফল কেনার চেষ্টা করলে ভেজালের ঝুঁকি অনেকটাই কমে।
বাজারে চকচকে হলুদ কলা দেখলেই সাবধান! ক্যালসিয়াম কারবাইড দিয়ে কৃত্রিমভাবে পাকানো কলা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। হজমের সমস্যা থেকে শুরু করে দীর্ঘমেয়াদি জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে এই কেমিক্যাল ফল। কীভাবে চিনবেন ভেজাল কলা—জানুন সহজ লক্ষণ ও সুরক্ষিত কেনাকাটার উপায়।













