“হাতে খাওয়ার মজাই আলাদা”—বাড়ির বড়দের এই কথাই যেন ভারতীয় খাদ্যসংস্কৃতির মূলমন্ত্র। কিন্তু সময় বদলেছে। আজকাল বাড়ি হোক বা রেস্তোরাঁ, বেশিরভাগ মানুষই চামচে খাবার খেতে স্বচ্ছন্দ। প্রশ্ন একটাই—হাত দিয়ে খাওয়া কি সত্যিই বেশি উপকারী, নাকি এতে লুকিয়ে রয়েছে স্বাস্থ্যঝুঁকি?
ভারতীয় ঐতিহ্যে হাত দিয়ে খাওয়ার গুরুত্ব
ভারতীয় সংস্কৃতিতে মেঝেতে বসে হাত দিয়ে খাবার খাওয়াকে শুধু অভ্যাস নয়, এক ধরনের জীবনদর্শন হিসেবেই দেখা হয়। প্রাচীন শাস্ত্র ও আয়ুর্বেদে বলা হয়েছে, খাবারের সঙ্গে শরীরের প্রত্যক্ষ সংযোগ হজম প্রক্রিয়াকে আরও সক্রিয় করে।
আয়ুর্বেদ কী বলে হাত দিয়ে খাওয়া নিয়ে?
আয়ুর্বেদ মতে, মানুষের পাঁচটি আঙুল পাঁচটি মহাভূত—পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশের প্রতিনিধিত্ব করে। যখন আমরা হাত দিয়ে খাই, তখন এই উপাদানগুলি সক্রিয় হয়, যা শরীরের শক্তি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে খাবার সহজে হজম হয় এবং শরীর পুষ্টি গ্রহণে আরও সক্ষম হয়।
খাবার ছোঁয়াতেই সক্রিয় হয় হজম প্রক্রিয়া
হাত দিয়ে খাবার ধরলে আঙুলের স্পর্শ মস্তিষ্কে একটি সংকেত পাঠায়—শরীর খাওয়ার জন্য প্রস্তুত। এর ফলে হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম ও রস নিঃসরণ শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়া চামচে খাওয়ার সময় অনেকটাই কম সক্রিয় থাকে।
বিজ্ঞান কী বলছে হাত দিয়ে খাওয়া নিয়ে?
আধুনিক বিজ্ঞানও পুরোপুরি হাত দিয়ে খাওয়ার বিরোধী নয়। গবেষণায় দেখা গিয়েছে, হাতে থাকা কিছু প্রাকৃতিক ব্যাকটেরিয়া ক্ষতিকর না হয়ে বরং পরিবেশের কিছু জীবাণুর বিরুদ্ধে শরীরকে সুরক্ষা দেয়। তবে এখানে সবচেয়ে বড় শর্ত—খাওয়ার আগে হাত ভালোভাবে পরিষ্কার করা।
ভুল অভ্যাসে হতে পারে বিপদ
হাত দিয়ে খাওয়া উপকারী হলেও অপরিষ্কার হাতে খাবার খেলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। ডায়রিয়া, পেটের সংক্রমণ কিংবা ভাইরাল অসুখের আশঙ্কা থাকে। তাই হাত দিয়ে খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি।
হাত দিয়ে খাওয়া বনাম চামচে খাওয়া—এই বিতর্ক বহু পুরনো। আধুনিক জীবনে চামচ-কাঁটার ব্যবহার বাড়লেও আয়ুর্বেদ ও বিজ্ঞান বলছে, হাত দিয়ে খাওয়ার রয়েছে একাধিক স্বাস্থ্যগত উপকারিতা। তবে ভুল পদ্ধতিতে খেলে হতে পারে বিপদও।













