বাজারে চকচকে, শক্ত আর ঝকঝকে মাছ দেখলেই আমরা ধরে নিই মাছ একেবারে টাটকা। কিন্তু বাস্তবটা অনেক সময় ঠিক তার উল্টো। লাভের আশায় বহু জায়গায় পুরনো বা পচন ধরা মাছে ফর্মালিন মিশিয়ে তা টাটকা বলে চালানো হচ্ছে। অজান্তেই সেই মাছ খেয়ে শরীরে ঢুকছে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক।
ফর্মালিন কী এবং কেন এত বিপজ্জনক?
ফর্মালিন বা ফরমালডিহাইড একটি বিষাক্ত, পচনরোধী রাসায়নিক। সাধারণত মৃতদেহ বা অঙ্গ সংরক্ষণের কাজে ব্যবহৃত হয় এই কেমিক্যাল। এটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থার মতে, ফর্মালডিহাইড একটি নিশ্চিত কারসিনোজেন।
শরীরে কী ক্ষতি করে ফর্মালিন?
স্বল্পমেয়াদে ফর্মালিনের সংস্পর্শে এলে চোখ জ্বালা, কাশি, শ্বাসকষ্ট, বমিভাব বা ত্বকের অ্যালার্জি দেখা দিতে পারে। দীর্ঘদিন এই রাসায়নিক শরীরে গেলে লিভার ও কিডনির ক্ষতি হয়, এমনকি লিউকেমিয়া ও অন্যান্য ক্যানসারের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।
মাছ দেখে কীভাবে বুঝবেন ফর্মালিন দেওয়া?
বিশেষজ্ঞদের মতে, কয়েকটি লক্ষণ খেয়াল রাখলেই সতর্ক হওয়া যায়—
তীব্র ঝাঁঝাল গন্ধ: ফর্মালিন দেওয়া মাছ থেকে অস্বাভাবিক তীব্র গন্ধ বের হয়।
মাছিতে না বসা: আশপাশে মাছি থাকলেও যদি মাছের উপর না বসে, সন্দেহ হওয়া উচিত।
কানকোর রং: টাটকা মাছের কানকো লালচে মেরুন হয়, কালচে হলে বুঝতে হবে মাছ বাসি।
চোখ: পরিষ্কার ও উজ্জ্বল চোখ মানে মাছ ভাল, ঘোলাটে হলে সাবধান।
পাখনা ও লেজ: কুঁকড়ে যাওয়া বা শক্ত হয়ে গেলে মাছ বাসি হওয়ার সম্ভাবনা বেশি।
ঘরে এনে কীভাবে ফর্মালিন কমাবেন?
পুরোপুরি ফর্মালিন দূর করা সম্ভব না হলেও কিছুটা ঝুঁকি কমানো যায়—
মাছ ভালো করে খুব ঠান্ডা জলে ধুয়ে নিন
এরপর অন্তত এক ঘণ্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন
পরে নুন মেশানো জলে ১০–১৫ মিনিট মাছ রাখুন
নুন ও ঠান্ডা জল মাছের গা থেকে কিছুটা ক্ষতিকর রাসায়নিক বের করতে সাহায্য করে।
বাজারে টাটকা মাছের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ংকর ফর্মালিন। এই বিষাক্ত রাসায়নিক দীর্ঘদিন শরীরে ঢুকলে ক্ষতি হয় লিভার, কিডনি থেকে শুরু করে হার্ট ও ব্রেনেরও। কীভাবে বুঝবেন মাছ ফর্মালিন দেওয়া কি না এবং ঘরে এনে কীভাবে তা অনেকটাই দূর করা যায়—রইল সহজ ও কার্যকর উপায়।













