রাজ্যের পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত। সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। শুধু শহরের লোকাল বাস নয়, দূরপাল্লার এসি বাসেও আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের। ফলে পর্যটন থেকে নিত্যযাতায়াত—সব ক্ষেত্রেই বাড়তি সুবিধা পেতে চলেছেন রাজ্যের লক্ষাধিক মহিলা।
![]()
১ জুন থেকেই কার্যকর নতুন পরিষেবা
নবান্নে দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি পরিবহণ ব্যবস্থার অন্তর্গত বাসে মহিলা যাত্রীরা বিনা ভাড়ায় সফর করতে পারবেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিদিনের যাতায়াত খরচে বড়সড় স্বস্তি মিলবে বহু পরিবারের।
এসি-নন এসি সব সরকারি বাসেই মিলবে সুবিধা
শুধু সাধারণ বাস নয়, এসি বাসেও এই নিয়ম প্রযোজ্য হবে। বর্তমানে রাজ্যে দু’ধরনের এসি বাস পরিষেবা রয়েছে—সাধারণ এসি বাস এবং ভলভো বাস। সাধারণ এসি বাসের ন্যূনতম ভাড়া যেখানে ১৫ টাকা, সেখানে ভলভো বাসে তা শুরু হয় ২৫ টাকা থেকে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এই ভাড়াও আর দিতে হবে না মহিলা যাত্রীদের।
দিঘা, দার্জিলিং, শান্তিনিকেতন সফর হবে আরও সাশ্রয়ী
দূরপাল্লার সরকারি বাস পরিষেবাতেও এই সুবিধা চালু হওয়ায় পর্যটনপ্রেমী মহিলাদের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস। ধর্মতলা বা করুণাময়ী থেকে শিলিগুড়ি পর্যন্ত এসি বাসের ভাড়া যেখানে প্রায় ৮০০ টাকা, সেখানে দিঘা রুটে ভাড়া ১৫৫ থেকে ২০০ টাকার মধ্যে। এবার সেই খরচও বাঁচবে মহিলা যাত্রীদের। ফলে দিঘা, দার্জিলিং, শান্তিনিকেতন-সহ বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে সফর আরও সহজ হবে।
![]()
সরকারি পরিবহণ সংস্থার ওপর বাড়বে চাপ?
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার হিসেব অনুযায়ী, প্রতিটি ট্রিপে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ মহিলা যাত্রী যাতায়াত করেন। ফলে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি বাসে মহিলা যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পরিবহণ বিশেষজ্ঞদের একাংশের মতে, এর ফলে রাজ্যের পরিবহণ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপও তৈরি হতে পারে।
![]()
সংরক্ষিত আসন নিয়েও নতুন করে আলোচনা
বর্তমানে বহু সরকারি বাসে মহিলাদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত থাকলেও সবক্ষেত্রে সেই নিয়ম মানা হয় না বলে অভিযোগ ওঠে। নতুন ঘোষণার পর যাত্রী নিরাপত্তা ও সংরক্ষিত আসন কার্যকর করা নিয়ে নতুন করে জোরদার আলোচনা শুরু হয়েছে।
![]()
রাজ্যের মহিলাদের জন্য বড় সুবিধার ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সরকারি লোকাল ও দূরপাল্লার বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলা যাত্রীরা। এসি, নন এসি, ভলভো—সব ধরনের সরকারি বাসেই মিলবে এই সুবিধা। দিঘা, দার্জিলিং, শান্তিনিকেতন বা শিলিগুড়ি—রাজ্যের বিভিন্ন গন্তব্যে এবার মহিলাদের সফর আরও সাশ্রয়ী হতে চলেছে।











