ফ্রিজে বারবার ‘কট কট’ শব্দ? সব সময় নষ্টের লক্ষণ নয়! জেনে নিন কারণ ও ঘরোয়া সমাধান

চলন্ত ফ্রিজ থেকে কট কট বা ঘড়ঘড় শব্দ শুনছেন? অসম মেঝে, ধুলো জমা, বরফ বা কম্প্রেসারের সমস্যা—কোন কারণে এই শব্দ হয় এবং কখন মেকানিক ডাকবেন, জেনে নিন বিস্তারিত।

প্রায় প্রতিটি বাড়িতেই এখন ফ্রিজ একটি অপরিহার্য বৈদ্যুতিক যন্ত্র। কিন্তু ব্যবহার করতে গিয়ে অনেকেই লক্ষ্য করেন, মাঝেমধ্যে ফ্রিজ থেকে অস্বাভাবিক ‘কট কট’ বা ‘ঘড়ঘড়’ শব্দ বের হচ্ছে। এতে অনেকেই মনে করেন, বুঝি ফ্রিজ নষ্ট হয়ে গেল। বাস্তবে কিন্তু এই ধরনের শব্দের পিছনে একাধিক সাধারণ কারণ থাকতে পারে, যেগুলি সহজেই চিহ্নিত ও সমাধান করা যায়।

অসম মেঝেতে রাখা থাকলে বাড়তে পারে কম্পনের শব্দ

ফ্রিজ যদি সমতল জায়গায় না রাখা হয়, তাহলে কম্প্রেসার চালু হওয়ার সময় অতিরিক্ত কম্পন তৈরি হয়। এর ফলেই ‘কট কট’ বা জোরে শব্দ শোনা যেতে পারে।এছাড়া ফ্রিজ একেবারে দেওয়ালের সঙ্গে লাগিয়ে রাখলেও সমস্যা বাড়ে। বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের পিছনে অন্তত ৬ ইঞ্চি ফাঁকা জায়গা রাখা উচিত, যাতে গরম বাতাস সহজে বের হতে পারে এবং কম্প্রেসারের উপর অতিরিক্ত চাপ না পড়ে।

কনডেন্সারে ধুলো জমলেও বাড়ে শব্দ

ফ্রিজের পিছনের কনডেন্সার কয়েলে ধুলো জমে গেলে কুলিং সিস্টেমকে বেশি পরিশ্রম করতে হয়। এতে শুধু শব্দই বাড়ে না, বিদ্যুৎ খরচও বেড়ে যেতে পারে।এই সমস্যা এড়াতে মাসে অন্তত একবার ফ্রিজ বন্ধ করে শুকনো কাপড় বা নরম ব্রাশ দিয়ে কনডেন্সার পরিষ্কার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ঢিলে স্ক্রু বা পাইপের কম্পনও হতে পারে কারণ

ফ্রিজের পিছনের কনডেন্সার কয়েলের স্ক্রু বা নাট ঢিলে হয়ে গেলে কম্পনের কারণে অস্বাভাবিক শব্দ তৈরি হতে পারে। একইভাবে কনডেন্সারের পাইপ যদি ফ্রিজের গায়ে লেগে থাকে, তাহলেও কম্পনের শব্দ শোনা যায়।এই ধরনের সমস্যা দ্রুত ঠিক করলে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি এড়ানো সম্ভব।

ফ্রিজারে অতিরিক্ত বরফ জমলেও হতে পারে শব্দ

ম্যানুয়াল ডিফ্রস্ট ফ্রিজে অনেক সময় অতিরিক্ত বরফ জমে ফ্যান ব্লেডে আঘাত করে। তখন ঘড়ঘড় বা কট কট ধরনের আওয়াজ শোনা যায়।এমন পরিস্থিতিতে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজ বন্ধ রেখে বরফ গলিয়ে নেওয়া হলে অনেক ক্ষেত্রেই সমস্যা মিটে যায়।

গ্যাস বা কম্প্রেসারের ত্রুটিও হতে পারে কারণ

যদি উপরোক্ত সব ব্যবস্থা নেওয়ার পরও অস্বাভাবিক শব্দ বন্ধ না হয়, তাহলে কম্প্রেসারের ফিটিং বা রেফ্রিজারেন্ট গ্যাস-সংক্রান্ত সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে নিজে মেরামতের চেষ্টা না করে অনুমোদিত সার্ভিস সেন্টার বা দক্ষ টেকনিশিয়ানের সাহায্য নেওয়াই নিরাপদ।

কখন অবশ্যই মেকানিক ডাকবেন?

ফ্রিজের শব্দের সঙ্গে কুলিং কমে গেলে।

কম্প্রেসার বারবার চালু ও বন্ধ হলে।

পোড়া গন্ধ বা অতিরিক্ত কম্পন অনুভূত হলে।

পরিষ্কার ও ডিফ্রস্ট করার পরও শব্দ না কমলে।

চলন্ত ফ্রিজ থেকে ‘কট কট’ বা ‘ঘড়ঘড়’ শব্দ শুনলেই অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে সব ক্ষেত্রে এটি বড় কোনও ত্রুটির ইঙ্গিত নয়। অসম মেঝে, কনডেন্সারে ধুলো, বরফ জমা কিংবা ঢিলে স্ক্রুর মতো সাধারণ কারণেও এমন শব্দ হতে পারে। কয়েকটি সহজ পদক্ষেপেই অনেক সময় সমস্যার সমাধান সম্ভব।

Leave a comment