বাড়ির বাগান বা ব্যালকনিতে নিজের হাতে ফলানো শাক-সবজির স্বাদই আলাদা। বিশেষ করে পালংশাক—যা পুষ্টিগুণে ভরপুর এবং রান্নায় বহুল ব্যবহৃত—তা যদি নিজের টবেই ফলানো যায়, তাহলে স্বাস্থ্য ও স্বাদের দু’দিকেই লাভ। শীতের মরশুমে পালংশাক চাষ আরও সহজ হয়ে ওঠে, কারণ এই শাক ঠান্ডা আবহাওয়ায় দ্রুত ও ভালো বেড়ে ওঠে।
পালংশাক চাষের আদর্শ সময় ও আবহাওয়া
পালংশাক মূলত ঠান্ডা আবহাওয়া পছন্দ করে। ১০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই শাকের বৃদ্ধির জন্য আদর্শ। ভারতে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পালংশাক চাষের সবচেয়ে উপযুক্ত সময়।
ভাল ফলনের জন্য বীজ নির্বাচন গুরুত্বপূর্ণ
সবচেয়ে আগে নজর দিতে হবে বীজের গুণমানের দিকে। সবসময় তাজা ও ভালো মানের বীজ ব্যবহার করা উচিত। পুরনো বীজ হলে অঙ্কুরোদগমে দেরি হয় এবং ফলন কমে যায়। নরম পাতাযুক্ত জাত বেছে নিলে দ্রুত ফসল পাওয়া যায়।
মাটি ও টব নির্বাচন কী ভাবে করবেন
পালংশাকের জন্য আলগা ও জলনিকাশি ভালো এমন মাটি প্রয়োজন। মাটিতে পচানো গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলে গাছ শক্তিশালী হয়। টবে চাষ করলে কমপক্ষে ৬–৮ ইঞ্চি গভীর টব বেছে নিন এবং নীচে জল বেরোনোর গর্ত থাকা আবশ্যক।
বীজ বপনের সঠিক পদ্ধতি
পালংশাকের বীজ জলে ভিজিয়ে রাখার দরকার নেই। সরাসরি মাটিতে প্রায় এক ইঞ্চি গভীরে বপন করুন। বীজের মধ্যে সামান্য ফাঁক রাখুন, উপর থেকে হালকা মাটি চাপা দিয়ে ধীরে জল দিন। ৭–১০ দিনের মধ্যেই চারা গজাতে শুরু করবে।
জল ও রোদের সঠিক ভারসাম্য
মাটি সবসময় হালকা আর্দ্র রাখতে হবে, তবে জল জমে থাকা চলবে না। শীতকালে ২–৩ দিন অন্তর জল দিলেই যথেষ্ট। দিনে অন্তত ৩ থেকে ৫ ঘণ্টা সরাসরি সূর্যালোক পেলেই পালংশাক ভালোভাবে বেড়ে ওঠে।
ফসল তোলার সঠিক নিয়ম জানলে ফলন বাড়বে
বীজ বোনার ২৫–৪০ দিনের মধ্যেই পালংশাক কাটার উপযোগী হয়। পুরো গাছ না তুলে বাইরের পাতাগুলি কেটে নিন। এতে মাঝখান থেকে নতুন পাতা গজাবে এবং দীর্ঘদিন ফসল পাওয়া যাবে।
পোকামাকড়ের আক্রমণ হলে কী করবেন
পাতায় কালো দাগ বা পোকার চিহ্ন দেখা গেলে রাসায়নিক ব্যবহার একেবারেই করবেন না। নিম তেল স্প্রে করলেই প্রাকৃতিক ভাবে সমস্যার সমাধান হবে। বাড়িতে চাষ করা পালংশাক সম্পূর্ণ জৈব ও নিরাপদ।
শীতের আবহাওয়াই পালংশাক চাষের সবচেয়ে বড় সহায়ক। খুব বেশি জায়গা বা খরচের প্রয়োজন নেই—ছাদ, ব্যালকনি কিংবা ছোট্ট একটি টবেই সহজে ফলানো যায় সতেজ ও রাসায়নিকমুক্ত পালংশাক। সামান্য যত্ন আর সঠিক নিয়ম মেনে চললেই ঘরেই মিলবে পুষ্টিতে ভরপুর শাক, ফলে বাজারের ওপর নির্ভরতা যেমন কমবে, তেমনই প্রতিদিনের খাবারে যোগ হবে স্বাস্থ্যকর স্বাদ।













