ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা, মোবাইল-ল্যাপটপে চোখ আটকে রাখা, অনিয়মিত খাওয়া-ঘুম—এই অভ্যাসগুলিই আজকাল তরুণদের মাথাব্যথার মূল শত্রু হয়ে উঠছে। মাথায় যন্ত্রণা হলেও তার কারণ কিন্তু এক নয়। বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে মূলত পাঁচ ধরনের মাথাব্যথা বেশি দেখা যায়, আর প্রতিটির জন্য রয়েছে আলাদা সমাধান।
টেনশন বা স্ট্রেসজনিত মাথাব্যথা
পরীক্ষার চাপ, একের পর এক অ্যাসাইনমেন্ট, কিংবা দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে এই মাথাব্যথা হয়। মাথার চারপাশে শক্ত ব্যান্ডের মতো চাপ অনুভূত হয়, সঙ্গে ঘাড় ও কাঁধ শক্ত লাগে।ঘরোয়া উপায়: একটানা পড়াশোনা নয়, ৩০–৪০ মিনিট অন্তর বিরতি নিন। হালকা স্ট্রেচিং করুন, কয়েক মিনিট চোখ বন্ধ রেখে গভীর শ্বাস নিন।

সাইনাসজনিত মাথাব্যথা
ঋতু পরিবর্তন, দূষণ বা ঠান্ডা লাগার সময় এই ব্যথা বাড়ে। কপাল, নাক ও চোখের চারপাশে ভারী ভাব তৈরি হয়।
ঘরোয়া উপায়:
গরম জলের ভাপ নিন দিনে ১–২ বার। নাক পরিষ্কার রাখুন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন।

মাইগ্রেনের মাথাব্যথা
গভীর রাত জাগা, উজ্জ্বল আলো, তীব্র গন্ধ, খাবার স্কিপ করা বা হরমোনের পরিবর্তনে এই ব্যথা তীব্র হয়। বমি বমি ভাব ও আলো-শব্দে অস্বস্তি দেখা দেয়।
ঘরোয়া উপায়:
অন্ধকার, শান্ত ঘরে বিশ্রাম নিন। নিয়মিত ঘুম ও খাবারের সময় বজায় রাখুন, নিজের ‘ট্রিগার’ এড়িয়ে চলুন।
ভুল দেহভঙ্গির কারণে মাথাব্যথা
ঝুঁকে বসে পড়াশোনা, মোবাইল স্ক্রল করা বা ভুল উচ্চতার টেবিলে কাজ করলে ঘাড় ও পিঠে চাপ পড়ে, যা মাথায় যন্ত্রণা তৈরি করে।
ঘরোয়া উপায়:
সোজা হয়ে বসুন, স্ক্রিন চোখের সমান রাখুন। দিনে কয়েকবার ঘাড় ও কাঁধের স্ট্রেচিং করুন।

ক্লান্তি ও জলশূন্যতা থেকে মাথাব্যথা
অনিয়মিত ঘুম, কম জল খাওয়া বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমে সকালে ধড়ফড়ে মাথাব্যথা দেখা দেয়।
ঘরোয়া উপায়:
দিনে পর্যাপ্ত জল পান করুন, সময়মতো খাওয়া-ঘুম নিশ্চিত করুন এবং শরীরকে বিশ্রাম দিন।

আজকাল অল্প বয়সেই পড়ুয়া ও তরুণদের মধ্যে মাথাব্যথার সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে। টেনশন, সাইনাস, মাইগ্রেন থেকে শুরু করে ভুল দেহভঙ্গি ও জলশূন্যতা—এই পাঁচটি কারণেই মূলত বাড়ছে সমস্যা। তবে কিছু ঘরোয়া উপায় ও জীবনযাত্রার বদলেই নিয়ন্ত্রণে আনা সম্ভব মাথাব্যথা।













