মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার খবরে ফের আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে লাতিন আমেরিকার এই তেলসমৃদ্ধ দেশ। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই নতুন করে প্রশ্ন উঠছে—বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের ভাণ্ডার থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার মুদ্রা কেন এত দুর্বল?
বলিভার কেন ভেঙে পড়ল?
ভেনেজুয়েলার মুদ্রার নাম বলিভার (VES)। গত এক দশকে এটি বিশ্বের সবচেয়ে দ্রুত অবমূল্যায়িত মুদ্রাগুলির মধ্যে অন্যতম। লাগামছাড়া অতিমুদ্রাস্ফীতি, সরকারের দুর্বল অর্থনৈতিক নীতি এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতায় কার্যত ভেঙে পড়েছে বলিভারের শক্তি। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এর প্রভাব মারাত্মক।
দেউলিয়া ঘোষণা ও নিষেধাজ্ঞার ধাক্কা
২০১৭ সালে ভেনেজুয়েলা কার্যত দেউলিয়া হওয়ার কথা ঘোষণা করে। এর ফলেই বিদেশি বিনিয়োগকারীদের আস্থা তলানিতে ঠেকে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমি দেশগুলির আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আন্তর্জাতিক বাণিজ্য সীমিত হওয়ায় ডলার সংকট বাড়ে এবং মুদ্রার অবমূল্যায়ন ত্বরান্বিত হয়।
সাধারণ মানুষের উপর প্রভাব
বলিভারের দুর্বলতার সবচেয়ে বড় মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বিপুল পরিমাণ নগদ টাকা বহন করতে হচ্ছে। অনেক দোকানে দিনে একাধিকবার দাম বদলাচ্ছে। ফলে বহু মানুষ বাধ্য হয়ে মার্কিন ডলার বা অন্য বিদেশি মুদ্রায় লেনদেন শুরু করেছেন।
ভেনেজুয়েলায় ১০,০০০ ভারতীয় টাকার মূল্য কত?
বর্তমান বিনিময় হার অনুযায়ী,
১ ভারতীয় টাকা ≈ ৩.৩৮ ভেনেজুয়েলার বলিভার
সেই হিসাবে,
১০,০০০ ভারতীয় টাকা ≈ ৩৩,৮৫০ বলিভার
তবে এই হার স্থির নয়। ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি ও মুদ্রাবাজারের অস্থিরতার কারণে বিনিময় হার প্রায়ই বদলে যায়। তবু এই হিসেব থেকেই বোঝা যায়, বলিভার ভারতীয় টাকার তুলনায় কতটা দুর্বল।
তেল থাকা সত্ত্বেও কেন অর্থনৈতিক সংকট?
প্রশ্ন উঠতেই পারে—বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা কেন অর্থনৈতিক সংকট থেকে বেরোতে পারছে না? বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল অত্যন্ত ভারী ও ঘন প্রকৃতির। এটি উত্তোলন ও পরিশোধনে খরচ অনেক বেশি। তার উপর পুরনো প্রযুক্তি, পর্যাপ্ত বিনিয়োগের অভাব এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে তেল রপ্তানি থেকেও প্রত্যাশিত রাজস্ব আসছে না।
বিশ্বের বৃহত্তম তেল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার অর্থনীতি ও মুদ্রা আজ চরম সংকটে। রাজনৈতিক অস্থিরতা, অতিমুদ্রাস্ফীতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ধুঁকছে বলিভার। জানুন, ভেনেজুয়েলায় ১০,০০০ ভারতীয় টাকার মূল্য কত এবং কেন তেল দেশটিকে বাঁচাতে পারছে না।









