মোমোকে টেক্কা দিতে হাজির কোরিয়ান মান্ডু! বাড়িতেই বানান জিভে জল আনা ডাম্পলিং

মোমোকে টেক্কা দিতে হাজির কোরিয়ান মান্ডু! বাড়িতেই বানান জিভে জল আনা ডাম্পলিং

কোরিয়ান ড্রামা আর কে-পপের হাত ধরে শুধু সংস্কৃতি নয়, বাঙালির প্লেটে ঢুকে পড়ছে কোরিয়ান খাবারও। কলকাতা ও শহরতলিতে একের পর এক কোরিয়ান রেস্টুরেন্ট খুলছে। সেখানকার অন্যতম জনপ্রিয় আইটেম—মান্ডু। দেখতে অনেকটা মোমোর মতো হলেও, স্বাদে ও গন্ধে একেবারেই আলাদা।

মান্ডু কী? মোমোর থেকে আলাদা কেন?

খাদ্য বিশারদ দেবজ্যোতি জানার কথায়, মান্ডু আসলে কোরিয়ান ডাম্পলিং। এটি ভাপে, সেদ্ধ করে, প্যানে ভেজে বা ডুবো তেলে—বিভিন্নভাবে রান্না করা যায়। মোমোর মতো হলেও এতে ব্যবহৃত সয়া সস, তিলের তেল ও বিশেষ মশলা একে স্বতন্ত্র স্বাদ দেয়।

মান্ডু বানাতে কী কী লাগবে?

এই কোরিয়ান ডাম্পলিং বানাতে খুব জটিল কিছু উপকরণ লাগে না। ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করা সম্ভব।

উপকরণ:

ময়দার মান্ডু শিট

কিমা করা মাংস

আদা ও রসুন কুচি

সয়া সস

তিলের তেল

গোলমরিচ গুঁড়ো

ডিমের কুসুম

স্বাদমতো লবণ

সামান্য জল বা তেল

ধাপে ধাপে মান্ডু বানানোর পদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে কিমা করা মাংস, আদা, রসুন, সয়া সস, তিলের তেল, গোলমরিচ, ডিমের কুসুম ও লবণ ভালো করে মিশিয়ে নিন।

এরপর মান্ডু শিটের মাঝখানে ১ চামচ পুর দিন। শিটের চারপাশে জল বা ডিমের কুসুম লাগিয়ে সুন্দর করে ভাঁজ করে মুখ বন্ধ করুন।

ভাপ, ভাজা—দুটোতেই জমবে স্বাদ

তেল মাখানো স্টিমারে মান্ডুগুলি সাজিয়ে ৮–১০ মিনিট ভাপে রান্না করুন। চাইলে এরপর হালকা তেলে ভেজে সোনালি করে নিতে পারেন। আবার অল্প জল দিয়ে ঢেকে ৫ মিনিট ঢিমে আঁচে রাখলে ভিতরের পুর আরও রসালো হবে।

কী দিয়ে পরিবেশন করবেন?

গরম গরম মান্ডু সয়া সস বা কোরিয়ান ডিপের সঙ্গে পরিবেশন করলেই তৈরি রেস্টুরেন্ট-স্টাইল কোরিয়ান খাবার। সন্ধ্যের আড্ডা বা পার্টিতে এটি সহজেই মোমোর বিকল্প হয়ে উঠতে পারে।

শহরের তরুণ প্রজন্মের মধ্যে কোরিয়ান খাবারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সেই তালিকায় নতুন সংযোজন মান্ডু—কোরিয়ান ডাম্পলিং। মোমোর মতো দেখতে হলেও স্বাদে আলাদা এই খাবারটি সহজেই বানানো যায় বাড়িতে। রইল চটজলদি রেসিপি।

Leave a comment