ঘরোয়া উপকরণেই সুস্বাদু গাজরের কেক! আটা, ডিম, দারচিনিতে তৈরি সহজ Carrot Cake Recipe

ঘরোয়া উপকরণেই সুস্বাদু গাজরের কেক! আটা, ডিম, দারচিনিতে তৈরি সহজ Carrot Cake Recipe

চা-এর আড্ডা হোক বা বাড়ির বিশেষ দিন—কেক মানেই আলাদা আনন্দ। কিন্তু রোজকার সেই ভ্যানিলা বা চকলেট কেকের বাইরে কিছু ট্রাই করতে চাইলে গাজরের কেক হতে পারে আদর্শ বিকল্প। কম উপকরণে, ওভেন ছাড়াই গ্যাসে তৈরি করা যায় এই সুস্বাদু কেক।

গাজরের কেক কেন আলাদা?

গাজরের স্বাভাবিক মিষ্টত্ব ও আর্দ্রতার জন্য এই কেক ভিতর থেকে থাকে নরম ও জুসি। দারচিনি ও জায়ফলের গন্ধ কেকের স্বাদকে দেয় আলাদা উষ্ণতা, যা একে সাধারণ কেকের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় করে তোলে।

কী কী উপকরণ লাগবে?

এই কেক বানাতে লাগবে ঘরে থাকা সহজ কিছু উপকরণ—

আটা – ১ কাপ

দারচিনি গুঁড়ো – ১ চা চামচ

জায়ফল গুঁড়ো – ½ চা চামচ

বেকিং পাউডার – ½ চা চামচ

বেকিং সোডা – ½ চা চামচ

নুন – এক চিমটি

ডিম – ২টি

ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

সাওয়ার ক্রিম – ½ কাপ

সাদা চিনি – ½ কাপ

ব্রাউন সুগার – ½ কাপ

নারকেল তেল – ½ কাপ

কমলালেবুর রস – ১ টেবিল চামচ

কোরানো গাজর – ১½ কাপ

আখরোট কুচি – ½ কাপ

ধাপে ধাপে কেক তৈরির প্রণালী

প্রথমে একটি পাত্রে আটা, বেকিং পাউডার, বেকিং সোডা, দারচিনি, জায়ফল ও নুন ভালো করে মিশিয়ে নিন।অন্য একটি পাত্রে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে সাওয়ার ক্রিম, নারকেল তেল, সাদা চিনি, ব্রাউন সুগার, কমলালেবুর রস ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।

ব্যাটার তৈরি ও গাজর মেশানো

এবার ডিমের মিশ্রণের মধ্যে ধীরে ধীরে শুকনো উপকরণ যোগ করুন। ঘন ব্যাটার তৈরি হলে তার মধ্যে কোরানো গাজর ও আখরোট কুচি দিয়ে ভালো করে মেশান। পাত্র ঢেকে ১০ মিনিট রেখে দিন।

ওভেন ছাড়াই গ্যাসে কেক বেক করবেন যেভাবে

যে পাত্রে কেক বেক করবেন, তাতে সামান্য মাখন মাখিয়ে নিন।গ্যাসে একটি বড় পাত্রে ৪ কাপ জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসান। জল গরম হলে কেকের পাত্রটি স্ট্যান্ডের উপর রাখুন। বড় পাত্রটির মুখ শক্ত করে ঢেকে দিন, যাতে বাষ্প বেরোতে না পারে।অল্প আঁচে প্রায় ৪০ মিনিট বেক করুন।

কেক ঠিকমতো হয়েছে কিনা বুঝবেন কীভাবে?

৪০ মিনিট পর ঢাকনা খুলে কেকের মধ্যে কাঠি ঢুকিয়ে দেখুন। কাঠির গায়ে কিছু লেগে না থাকলে বুঝবেন কেক একেবারে তৈরি।

প্রতিদিনের সাধারণ কেক খেতে খেতে বিরক্ত? তাহলে এবার বাড়িতেই বানান নরম, সুগন্ধি গাজরের কেক। আটা, ডিম, দারচিনি ও গাজরের মতো সহজ উপকরণেই তৈরি এই কেক স্বাদে যেমন আলাদা, তেমনই স্বাস্থ্যকর।

Leave a comment