গায়িকা লগ্নজিতাকে মঞ্চে হেনস্থার অভিযোগ! পূর্ব মেদিনীপুরে গ্রেপ্তার স্কুলের মালিক, শুরু রাজনৈতিক তরজা

গায়িকা লগ্নজিতাকে মঞ্চে হেনস্থার অভিযোগ! পূর্ব মেদিনীপুরে গ্রেপ্তার স্কুলের মালিক, শুরু রাজনৈতিক তরজা

মঞ্চে গান গাইতে উঠে অপমান, আতঙ্ক আর হুমকির মুখে জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অনুষ্ঠানে গান পরিবেশনের সময় প্রকাশ্যে হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত স্কুল মালিক মেহবুব মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গান চলাকালীনই শুরু অশান্তি

শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গান শুরু করেন লগ্নজিতা। প্রায় ৪৫ মিনিট শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান চলছিল। অভিযোগ, এরপর ‘দেবী চৌধুরানী’ ছবির একটি গান পরিবেশন করার সময় আচমকাই দর্শকাসন থেকে উঠে মঞ্চে চলে আসেন মেহবুব মল্লিক। অভিযোগ অনুযায়ী, তিনি মারমুখী আচরণ করতে থাকেন এবং গানের বিষয়বস্তু নিয়ে আপত্তি তোলেন।

‘জাগো মা’ গান নিয়েই আপত্তি

লগ্নজিতার অভিযোগ, ‘জাগো মা’ গানটি গাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে শারীরিক হেনস্থার চেষ্টা করেন। শিল্পীর দাবি, অভিযুক্ত বলেন— “অনেক জাগো মা হয়েছে, এবার সেক্যুলার কিছু গাও।” পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, শিল্পীকে অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে মঞ্চ ছাড়তে হয়।

থানায় অভিযোগ, রাতেই তদন্ত শুরু

ঘটনার পরই শনিবার রাতে ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লগ্নজিতা চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে ছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শিল্পীর প্রতিক্রিয়া

সংবাদমাধ্যমকে লগ্নজিতা বলেন,“১১ বছরের বেশি সময় ধরে নিয়মিত স্টেজ শো করছি, কিন্তু এ রকম অভিজ্ঞতার মুখোমুখি কোনও দিন হতে হয়নি। যে গানটি পরিবেশন করেছি, সেটি আমার হৃদয়ের খুব কাছের। ভবিষ্যতেও সেই গান গাইব। তবে মঞ্চে উঠে একজন শিল্পীর সঙ্গে এই ধরনের আচরণ সত্যিই আতঙ্কজনক ও নিন্দনীয়।”]

রাজনীতির ময়দানে বিতর্ক

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা অভিযোগ তোলেন, স্কুলটির সঙ্গে তৃণমূল নেতাদের যোগ রয়েছে বলেই এমন ঘটনা ঘটানোর সাহস পেয়েছে অভিযুক্ত।

পাল্টা রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন, “যে কোনও ঘটনায় তৃণমূলকে জড়ানোর চেষ্টা করছে বিজেপি।”

স্কুল পরিচালন কমিটির সদস্য শেখ জানে আলম জানান, এই ধরনের ঘটনা ঘটবে তা তাঁরা ভাবতেই পারেননি।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি বেসরকারি স্কুলের গানের অনুষ্ঠানে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্থার অভিযোগ উঠেছে। গানের পছন্দ নিয়ে আপত্তি তুলে মঞ্চে উঠে আসেন স্কুলের এক মালিক। ঘটনায় অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Leave a comment