Post Office Next Gen: লাল-সাদা অতীত ভুলে একেবারে ক্যাফে-লুক! পোস্ট অফিসের বদলে যাওয়া চেহারা দেখে চমক তরুণদের

লাল-সাদা পোস্ট অফিসের চেহারা বদলে ক্যাফে-স্টাইল! সুরাটের SVNIT ক্যাম্পাসে চালু দেশের প্রথম নেক্সট জেন পোস্ট অফিস।

পোস্ট অফিস বললেই চোখের সামনে ভেসে ওঠে লাল-সাদা রঙের চেনা এক ভবন, লম্বা লাইনে দাঁড়িয়ে চিঠি পাঠানোর স্মৃতি। কিন্তু সময় বদলেছে, বদলেছে প্রজন্মের চাহিদাও। সেই পরিবর্তনের সঙ্গেই তাল মিলিয়ে এবার পোস্ট অফিসের আমূল রূপান্তর। গুজরাটের সুরাটে, SVNIT ক্যাম্পাসে চালু হয়েছে শহরের প্রথম ‘নেক্সট জেন পোস্ট অফিস’—যার লুক দেখে এক মুহূর্তে ভুল হবে, এটি আদৌ কোনও ডাকঘর!

ক্যাম্পাসে ক্যাফে-স্টাইল ডাকঘর

এই পোস্ট অফিস কোনও সাধারণ ডাকঘর নয়। বিশেষভাবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এটি। ভেতরে ঢুকলে প্রথম দর্শনেই মনে হবে, যেন কোনও আধুনিক কফি হাউস। আরামদায়ক বসার জায়গা, খোলামেলা পরিবেশ, চাপমুক্ত আবহ—সব মিলিয়ে পড়াশোনা কিংবা আড্ডার জন্য আদর্শ এক স্পেস।

পুরনো বিশ্বাস, নতুন ভাবনার মেলবন্ধন

এসভিএনআইটি ক্যাম্পাসে পোস্ট অফিস আগেও ছিল, তবে এবার তাকে সম্পূর্ণ নতুন রূপ দেওয়া হয়েছে। এই নেক্সট জেন পোস্ট অফিসের মূল থিম— “যেখানে পুরনো বিশ্বাসের সঙ্গে মেলে নতুন ভাবনা”। ইন্ডিয়া পোস্ট তাদের দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা বজায় রেখেই আধুনিক ডিজাইন ও চিন্তাধারায় নিজেদের আপডেট করছে, এমনটাই স্পষ্ট।

উদ্বোধনে উপস্থিত বিশিষ্টরা

৫ জানুয়ারি ২০২৬ এই পোস্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন ভদোদরা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল দীনেশ কুমার শর্মা এবং SVNIT সুরাটের ইনচার্জ ডিরেক্টর অধ্যাপক ড. কে. পি. দেশাই। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজেও এই উদ্যোগের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ‘#ডাকসেবা_জনসেবা’ হ্যাশট্যাগে।

ভেতরে কী কী থাকছে?

এই নেক্সট জেন পোস্ট অফিস পুরোপুরি স্টুডেন্ট-ফ্রেন্ডলি। রয়েছে—

আধুনিক সিটিং এরিয়া

ফিলাটেলি ওয়াল, যেখানে দেখা যাবে নানা দুর্লভ ডাকটিকিট

ছোট লাইব্রেরি স্পেস

পড়াশোনা, আলোচনা বা কাজ করার উপযোগী শান্ত পরিবেশ

সব মিলিয়ে পোস্ট অফিস মানে এখন আর শুধু চিঠি বা পার্সেল পাঠানোর জায়গা নয়।

তরুণদের হ্যাংআউট স্পটে বদলে যাচ্ছে ডাকঘর

আগে পোস্ট অফিস মানেই ছিল সরকারি পরিষেবার একঘেয়ে চিত্র। কিন্তু এখন সেই ধারণা বদলাচ্ছে। নতুন ডিজাইন ও আধুনিক ব্যবস্থাপনায় পোস্ট অফিস হয়ে উঠছে তরুণদের জন্য একটি হ্যাংআউট স্পট, যেখানে কাজ, পড়াশোনা আর সৃজনশীল ভাবনার মেলবন্ধন ঘটছে।

সারা দেশে ছড়াবে এই মডেল

ইন্ডিয়া পোস্টের বৃহত্তর আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবেই এই উদ্যোগ। ভবিষ্যতে আইআইটি, আইআইএম, এনআইটি-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে এই ধরনের নেক্সট জেন পোস্ট অফিস চালু করার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য একটাই—তরুণ প্রজন্মের সঙ্গে আরও গভীর সংযোগ গড়ে তোলা।

চেনা লাল-সাদা রঙের গণ্ডি ছেড়ে এবার সম্পূর্ণ নতুন অবতারে পোস্ট অফিস। সুরাটের SVNIT ক্যাম্পাসে চালু হল দেশের প্রথম ‘নেক্সট জেন পোস্ট অফিস’, যা দেখতে একেবারে আধুনিক ক্যাফের মতো।

Leave a comment