ওপেনএআই তাদের প্রথম এআই-কেন্দ্রিক স্মার্টফোন প্রকল্পে দ্রুত অগ্রসর হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। টিপস্টার ও বিশ্লেষক মিং-চি কুওর তথ্য অনুযায়ী, ডিভাইসটির ব্যাপক উৎপাদন ২০২৭ সালের প্রথমার্ধে শুরু হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনটিতে মিডিয়াটেকের কাস্টম এআই চিপসেট ব্যবহার করা হতে পারে এবং সম্ভাব্য আইপিওর আগে এআই ফোন বাজারে অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই প্রকল্পটির গতি বাড়ানো হয়েছে।
টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিং-চি কুওর মতে, ওপেনএআই ডিভাইসটির উৎপাদন পূর্ববর্তী অনুমানের তুলনায় আরও আগে শুরু করতে পারে। এর আগে কুও দাবি করেছিলেন যে ওপেনএআই ফোনের উৎপাদন ২০২৮ সালের কাছাকাছি শুরু হতে পারে, তবে নতুন তথ্য ২০২৭ সালের আগেই বাজারে আসার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। যদিও ওপেনএআই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো স্মার্টফোন প্রকল্পের ঘোষণা দেয়নি, ফলে বর্তমান তথ্যগুলোকে সরবরাহ শৃঙ্খলভিত্তিক ও ফাঁস হওয়া তথ্য হিসেবেই দেখা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআইয়ের প্রথম স্মার্টফোনটি মিডিয়াটেকের কাস্টমাইজড Dimensity 9600 চিপসেটে চলতে পারে। এই প্রসেসরটি টিএসএমসির N2P প্রসেস প্রযুক্তিতে তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে, যা ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে ডিভাইসটিকে সম্পূর্ণ এআই-কেন্দ্রিকভাবে তৈরি করার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কুওর তথ্য অনুযায়ী, চিপটিতে উন্নত HDR পাইপলাইনসহ নতুন ইমেজ সিগন্যাল প্রসেসর থাকতে পারে, যা ক্যামেরা প্রসেসিং সক্ষমতা বাড়াবে। এছাড়া ডুয়াল-এনপিইউ আর্কিটেকচার, LPDDR6 র্যাম এবং UFS 5.0 স্টোরেজের মতো উচ্চমানের প্রযুক্তি যুক্ত হতে পারে। নিরাপত্তা ফিচারের মধ্যে pKVM এবং ইনলাইন হ্যাশিং প্রযুক্তিও অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
ওপেনএআই স্মার্টফোন বাজারে প্রবেশ করলে তাদের প্রতিযোগিতা সরাসরি অ্যাপল, স্যামসাং ইলেকট্রনিক্স এবং গুগলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে হতে পারে, যারা ইতোমধ্যেই এআই ফিচারকেন্দ্রিক ডিভাইস উন্নয়নে জোর দিচ্ছে। এআই এজেন্টভিত্তিক স্মার্টফোনকে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি বিভাগ হিসেবে দেখা হচ্ছে, যেখানে ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশন প্রচলিত অ্যাপ ব্যবস্থার বাইরে গিয়ে এআই সহকারীকেন্দ্রিক হতে পারে।
বিশ্লেষকদের অনুমান, উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে ওপেনএআই ফোনের মোট শিপমেন্ট ৩ কোটি ইউনিটে পৌঁছাতে পারে। তবে কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্য ও সম্ভাবনাকে নিশ্চিত হিসেবে ধরা যাচ্ছে না।










