Parenting Tips: খেতে বসেই ছোট্ট অভ্যাসে বাড়বে আত্মবিশ্বাস

সন্তানকে আত্মবিশ্বাসী করতে চান? খেতে বসে ছোট্ট অভ্যাসে ভুলকে স্বাভাবিক করুন। বিশেষজ্ঞদের ৩টি সহজ টিপসেই বদল আসবে শিশুর মানসিকতায়।

অনেক বাবা-মাই চান তাঁদের সন্তান ক্লাসে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুক, প্রশ্ন করুক, সবার আগে হাত তুলুক। কিন্তু অজান্তেই ‘নিখুঁত’ হওয়ার চাপ দিয়ে আমরা তাদের ভিতরে ভয় তৈরি করি। মনোবিজ্ঞান বলছে—ভুলকে স্বাভাবিক করে তুললেই শিশুদের আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে যেতে পারে।

‘পারফেক্ট’ হওয়ার চাপেই বাড়ছে ভয়

অনেক সময় বাবা-মায়েরা নিজেদের এমনভাবে তুলে ধরেন, যেন তাঁরা কখনও ভুল করেন না। এর ফলে শিশুরা ভাবে ভুল করা মানেই ব্যর্থতা। ছোট ভুলেও তারা ভেঙে পড়ে এবং নতুন কিছু চেষ্টা করতে ভয় পায়—যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে।

খাওয়ার টেবিলেই শুরু হোক বদল

পরিবারের সবাই একসঙ্গে খেতে বসে যদি হাসি-ঠাট্টার ছলে দিনের ছোট ভুলগুলো শেয়ার করেন—তাহলেই বদল আসতে শুরু করবে। যেমন—অফিসে কোনও ভুল, রান্নায় বেশি নুন পড়া—এসব গল্প শুনে শিশুরা বুঝতে শেখে, ভুল করাটা স্বাভাবিক।

ভুল থেকেই শেখার মানসিকতা গড়ে তুলুন

বিশেষজ্ঞদের মতে, ভুলকে লজ্জা নয়, শেখার অংশ হিসেবে দেখাতে হবে। এতে শিশুর ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ে। তারা বুঝতে পারে—ব্যর্থতা কোনও শেষ নয়, বরং নতুন শেখার সুযোগ।

ঝুঁকি নেওয়ার সাহসই সাফল্যের চাবিকাঠি

যে শিশু ভুল করতে ভয় পায় না, সেই ক্লাসে সবার আগে হাত তোলে, নতুন প্রশ্ন করে, নতুন কিছু শেখার চেষ্টা করে। এই সাহস আসে এমন পরিবার থেকে, যেখানে ভুলকে অপমান নয়—অভিজ্ঞতা হিসেবে দেখা হয়।

‘সুপারহিরো’ নয়, বন্ধু হোন সন্তানের

নিজেদের নিখুঁত ভাবমূর্তি সরিয়ে রেখে সন্তানের সামনে নিজের ব্যর্থতার গল্প বলুন। এতে তারা আপনাকে আরও কাছের মানুষ হিসেবে দেখবে। এই সংযোগ তাদের মানসিকভাবে শক্তিশালী করে তোলে।

৩টি সহজ অভ্যাসে বাড়বে আত্মবিশ্বাস

“আজ আমি কী শিখলাম?” খেলা

প্রতিদিন রাতে বা খাওয়ার সময় বলুন—আজ কী ভুল করলেন এবং কী শিখলেন। এতে শিশুরাও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহ পাবে।

পুরোনো মজার ভুলের গল্প বলুন

নিজের ছোটবেলার ভুল বা দুষ্টুমির গল্প বলুন। এতে শিশুরা বুঝবে—ভুল করলেও জীবন থেমে যায় না।

“আমার সাহায্য দরকার” পদ্ধতি

ইচ্ছে করেই ছোটখাটো সমস্যায় সন্তানের সাহায্য চান। এতে তারা সমস্যা সমাধানে দক্ষ হয়ে ওঠে এবং আত্মবিশ্বাস বাড়ে।

সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে বড় কোনও কোচিং নয়, দরকার পরিবারের পরিবেশ বদল। বিশেষজ্ঞদের মতে, বাবা-মা যদি নিজেদের ভুল স্বীকার করে খোলামেলা আলোচনা করেন, তবে শিশুরা ভুলকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে নিতে শেখে।

Leave a comment