মুরগির মাংস রান্না সহজ হলেও নিখুঁত স্বাদ আনতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। বিশেষ করে কষানোর সময় ঠিক না হলে মাংস হয় আধসেদ্ধ, নয়তো শক্ত ও শুকনো। তাই ১ কেজি চিকেন রান্নার আদর্শ সময় ও কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল জেনে রাখলে বাড়িতেই তৈরি হবে সুস্বাদু ও নরম চিকেন।
১ কেজি চিকেন কতক্ষণ কষানো উচিত?
রান্নার বিশেষজ্ঞদের মতে, ১ কেজি মুরগির মাংস মশলার সঙ্গে মাঝারি আঁচে প্রায় ১৫ থেকে ২০ মিনিট কষানোই আদর্শ। এই সময়ে মাংস থেকে স্বাভাবিক রস বেরিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং তেল ছাড়তে শুরু করে। এটিই সঠিকভাবে কষানো হয়েছে—তার অন্যতম লক্ষণ।১৫ মিনিটের কম কষালে মশলার কাঁচা স্বাদ থেকে যেতে পারে। আবার অতিরিক্ত সময় কষালে মাংসের আর্দ্রতা কমে গিয়ে তা শক্ত ও রাবারের মতো হয়ে যেতে পারে।
চিকেন কষানোর সঠিক পদ্ধতি
রান্না শুরু করার আগে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, আদা ও রসুন ভালোভাবে ভেজে নিন। এরপর মশলা দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে ম্যারিনেট করা চিকেন যোগ করুন।প্রথম ৪ থেকে ৫ মিনিট মাঝারি আঁচে খোলা অবস্থায় ভাজুন, যাতে মাংসের বাইরের অংশ হালকা সিল হয়ে যায়। এরপর আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন। মাঝে এক-দু'বার নেড়ে দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কমে।
ঠান্ডা জল নয়, ব্যবহার করুন গরম জল
চিকেন রান্নার সময় হঠাৎ ঠান্ডা জল ঢেলে দিলে রান্নার তাপমাত্রা কমে যায়, ফলে মাংস শক্ত হয়ে যেতে পারে। যদি অতিরিক্ত জলের প্রয়োজন হয়, তাহলে সবসময় হালকা গরম জল ব্যবহার করাই।
রান্নার আগে ম্যারিনেশন কেন জরুরি?
মাংস আরও নরম ও রসালো করতে রান্নার অন্তত ১ থেকে ২ ঘণ্টা আগে টকদই, লেবুর রস এবং মশলা দিয়ে ম্যারিনেট করুন। রান্নার আগে মাংসের অতিরিক্ত জল ভালোভাবে মুছে নিলে মশলা আরও ভালোভাবে মিশে যায় এবং স্বাদও বাড়ে।
১ কেজি চিকেনের জন্য কতটা পেঁয়াজ লাগবে?
১ কেজি মুরগির মাংস রান্নার জন্য সাধারণত ৪টি মাঝারি আকারের পেঁয়াজ যথেষ্ট। চাইলে ৩টি বড় পেঁয়াজ বেটে ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত পেঁয়াজ দিলে গ্রেভির স্বাদ ও ভারসাম্য নষ্ট হতে পারে।
চিকেন রান্নায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিকভাবে কষানো। কম সময় কষালে মশলার কাঁচা গন্ধ থেকে যায়, আবার বেশি কষালে মাংস শক্ত হয়ে যেতে পারে। জেনে নিন ১ কেজি চিকেন কড়াইয়ে ঠিক কতক্ষণ কষানো উচিত এবং কীভাবে রান্না করলে স্বাদ হবে একেবারে রেস্তোরাঁর মতো।













