বাংলার ঘরে ঘরে কালী আরাধনার এক বিশেষ দিন হল ফলহারিণী অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের দাবদাহের মধ্যেও এই তিথিকে ঘিরে ভক্তদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। শাস্ত্রমতে, এই দিনে মা কালীর পুজো করলে জীবনের দুঃখ-কষ্ট, বাধা-বিপত্তি দূর হয় এবং মেলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি। ২০২৬ সালের ফলহারিণী কালীপুজোর তিথি ও শুভক্ষণ নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে।
![]()
জ্যৈষ্ঠ অমাবস্যায় কবে ফলহারিণী কালীপুজো?
জ্যোতিষবিদদের মতে, এ বছর ফলহারিণী কালীপুজো পালিত হবে আগামী ১৬ মে, শনিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ১ জ্যৈষ্ঠ। ১৫ মে রাত পেরিয়ে শেষরাত্রি ৪টা ৫৯ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। সেই কারণেই নিশিপুজো ও তন্ত্রমতে এই তিথির গুরুত্ব অত্যন্ত বেশি বলে মনে করা হচ্ছে।
কেন বিশেষ ফলহারিণী কালীপুজো?
শাস্ত্র অনুযায়ী, মা কালী জীবের কর্মফল নিয়ন্ত্রণ করেন। ‘ফলহারিণী’ শব্দের অর্থ— যিনি কর্মফল হরণ করেন। বিশ্বাস করা হয়, এই দিনে ভক্তিভরে দেবীর আরাধনা করলে জীবনের অশুভ শক্তি দূর হয় এবং শুভফল লাভ হয়। একইসঙ্গে মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক উন্নতির পথও খুলে যায়।
![]()
রামকৃষ্ণ-সারদা দেবীর সঙ্গে জড়িয়ে গভীর ইতিহাস
ফলহারিণী কালীপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক অধ্যায়। কথিত আছে, এই তিথিতেই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব স্ত্রী সারদা দেবীকে ষোড়শীরূপে পুজো করেছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনে আজও সেই পুজো ‘ষোড়শী পুজো’ নামে পালিত হয়। ১২৮০ বঙ্গাব্দের সেই ঘটনার স্মৃতি এখনও ভক্তমনে গভীরভাবে গেঁথে রয়েছে।
ফল নিবেদনের বিশেষ তাৎপর্য
জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠালের মতো মরশুমি ফলের প্রাচুর্য থাকে। তাই এই পুজোয় দেবীকে নানা ধরনের ফল নিবেদন করার রীতি প্রচলিত। ভক্তদের বিশ্বাস, ফল নিবেদনের মাধ্যমে মা কালী সন্তুষ্ট হন এবং সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
![]()
কী কী ফল মেলে এই পুজোয়?
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ফলহারিণী কালীপুজোয় মা কালীর আরাধনা করলে বিদ্যা, কর্মজীবন, অর্থভাগ্য এবং দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। প্রেম ও সম্পর্কের বাধাও কাটে বলে মনে করা হয়। অনেকেই এই দিন বিশেষ মানত ও উপবাস পালন করেন।
![]()
জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী কালীপুজো। হিন্দু ধর্মে এই তিথির বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনে মা কালী ভক্তদের অশুভ কর্মফল দূর করে শুভফল ও মোক্ষ দান করেন। ২০২৬ সালে ফলহারিণী কালীপুজো পড়েছে ১৬ মে, শনিবার। জেনে নিন পুজোর শুভ সময়, তিথির শুরু ও শেষ, এবং এই পুজোর পৌরাণিক তাৎপর্য।













