আজ, ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল রাজ্যে বিশেষ নিবন্ধন সংশোধন বা SIR প্রক্রিয়ার শুনানি। কিন্তু বাস্তবে একাধিক বিধানসভায় সেই শুনানি শেষ না হওয়ায় সময়সীমা বাড়ানোর আর্জি জানাল রাজ্য। মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার সময় চেয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
সব বিধানসভায় শুনানি শেষ না হওয়ায় চাপ বাড়ল কমিশনের উপর
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, শনিবার পর্যন্ত রাজ্যের ১৫ থেকে ২০টি বিধানসভায় SIR সংক্রান্ত শুনানি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। প্রশাসনিক ব্যস্ততা ও মামলার সংখ্যা বেশি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে সব শুনানি শেষ করা যায়নি বলেই দাবি।
ফর্ম ৬, ৭ ও ৮ নিষ্পত্তির জন্যও বাড়তি সময় চাওয়া
চিঠিতে শুধু শুনানি নয়, বরং ফর্ম ৬, ৭ ও ৮-এর আবেদন গ্রহণ, আপলোড এবং নিষ্পত্তির কাজ শেষ করতেও ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, এই সময়সীমা বাড়লে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন অন্তত আরও সাত দিন পিছোতে পারে।
যে সব বিধানসভায় এখনও শুনানি বাকি
কমিশনের তথ্য অনুযায়ী, কলকাতা দক্ষিণের কলকাতা পোর্ট বিধানসভা, উত্তর কলকাতার দু’টি বিধানসভা, উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া, হাওড়ার একটি বিধানসভা, কার্শিয়াঙের একটি এবং দক্ষিণ ২৪ পরগনার মোট সাতটি বিধানসভায় এখনও শুনানি অসম্পূর্ণ।
সব জায়গায় নয়, নির্দিষ্ট কেন্দ্রেই সময় বাড়ানোর আবেদন
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠিতে স্পষ্ট করেছেন, যে সব বিধানসভা থেকে জেলা শাসকদের তরফে সময়সীমা বাড়ানোর আবেদন এসেছে, কেবলমাত্র সেই কেন্দ্রগুলিতেই শুনানির সময় বাড়ানো হোক। অর্থাৎ গোটা রাজ্যে একসঙ্গে নয়, প্রয়োজনভিত্তিক সিদ্ধান্তের পক্ষে সওয়াল করা হয়েছে।
শেষ দিনে বড় ঘোষণা, SIR-এ গ্রহণযোগ্য ডমিসাইল সার্টিফিকেট
শুনানির শেষ দিনে এসে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার থেকে জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM), এসডিও কিংবা কলকাতার কালেক্টরের ইস্যু করা পার্মানেন্ট রেসিডেন্ট বা ডমিসাইল সার্টিফিকেট SIR প্রক্রিয়ায় গ্রহণ করা হবে।
কোন শংসাপত্র নেওয়া হবে, কোনটি নয়—স্পষ্ট নির্দেশ
কমিশন জানিয়ে দিয়েছে, ১৯৯৯ সালের ২ নভেম্বর এবং তার পরবর্তী সংশোধিত গাইডলাইন অনুযায়ী DM, ADM ও SDO-দের ইস্যু করা ডমিসাইল সার্টিফিকেটই বৈধ। তবে বিডিও বা পঞ্চায়েত প্রধানদের দেওয়া শংসাপত্র কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
রাজ্যে বিশেষ নিবন্ধন সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জানাল রাজ্য নির্বাচন দফতর। একাধিক বিধানসভায় শুনানি অসম্পূর্ণ থাকায় ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পাশাপাশি SIR প্রক্রিয়ায় ডমিসাইল সার্টিফিকেট গ্রহণের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ঘোষণা কমিশনের।











