এসআইআর-এ কত অনুপ্রবেশকারী, কত রোহিঙ্গা বা কত বাংলাদেশির নাম চিহ্নিত হয়েছে—এই প্রশ্নগুলির স্পষ্ট উত্তর চাইতে বুধবার জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
১০ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে অভিষেক
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রতিনিধি দলে থাকছেন আরও ৯ জন সাংসদ ও মন্ত্রী। তাঁরা হলেন—ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মমতা ঠাকুর, সাকেত গোখলে ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।বুধবার সকালে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকও করবেন তাঁরা।
১ কোটি ৩৬ লক্ষ ভোটার নিয়ে প্রশ্নের পাহাড়
তৃণমূলের অভিযোগ, ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ বা নামের অসঙ্গতির অজুহাতে বাংলার ১ কোটি ৩৬ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই বিপুল সংখ্যক ভোটারের নাম কী যুক্তিতে তালিকাভুক্ত করা হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যা কমিশনের কাছে দাবি করবে তৃণমূল।
বিজেপির ‘টার্গেট পূরণে’ নেমেছে কমিশন?
দিল্লি যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি আগেই দাবি করেছিল ১ থেকে দেড় কোটি নাম বাদ যাবে। তাঁর কথায়,এই চ্যালেঞ্জ নিয়েই বুধবার মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হচ্ছেন তিনি।
‘৫৭ জনের মৃত্যু—তাঁরাও কি অনুপ্রবেশকারী?’
এসআইআর আতঙ্কের জন্য বিজেপিকেই দায়ী করে অভিষেক আরও বলেন,
“৫৭টি মৃত্যু ঘটেছে এই ঘটনার জেরে। যাঁরা প্রাণ হারালেন, তাঁরাও কি অনুপ্রবেশকারীর তালিকায় পড়েন?”
পাশাপাশি প্রশ্ন তোলেন—কমিশন কেন এখনও জানাচ্ছে না, এদের মধ্যে কতজন রোহিঙ্গা বা বাংলাদেশি? আইবি চিফ তপনকুমার ডেকার মেয়াদ বাড়ানো হচ্ছে কেন, সেটাও প্রশ্নের মুখে।
‘একদিনে ৭ কোটি ডেটা যাচাই!’—তীব্র কটাক্ষ
এর আগে শনিবার সাংবাদিক বৈঠকে দিল্লি অভিযান ঘোষণা করে অভিষেক কটাক্ষ করেন,
“৮০ হাজার বিএলও দিয়ে কীভাবে মাত্র একদিনে ৭ কোটি তথ্য যাচাই করে ১ কোটি ৩৬ লক্ষ অসঙ্গতির হিসাব সামনে আনা সম্ভব?”
এই সংক্রান্ত তালিকা প্রকাশ না করতে পারলে নির্বাচন কমিশনকে ক্ষমা চাইতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ায় বাংলায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম নিয়ে অসঙ্গতির অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। এই ইস্যুতেই বুধবার জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্বে থাকছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছে একাধিক প্রশ্নের স্পষ্ট জবাব চাইবে তৃণমূল।











