বিহারের আলোচিত ‘Land for Job’ মামলায় জাতীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবের করা এফআইআর বাতিলের আবেদন ভারতের সর্বোচ্চ আদালত খারিজ করেছে। এর ফলে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম ট্রায়াল কোর্টে চলবে।
ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতি এম. এম. সুন্দরেশ এবং বিচারপতি এন. কোটিশ্বর সিংয়ের বেঞ্চ জানায়, এই মামলায় এফআইআর বাতিলের কোনও ভিত্তি নেই। তবে আদালত আংশিক স্বস্তি দিয়ে বলেছে, ট্রায়াল চলাকালীন লালু প্রসাদ যাদবকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে না।
![]()
এর আগে ২৪ মার্চ দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) কর্তৃক দায়ের করা এফআইআর বাতিলের আবেদন খারিজ করেছিল। হাইকোর্ট আরও জানিয়েছিল, দুর্নীতি প্রতিরোধ আইন (Prevention of Corruption Act)-এর ধারা ১৭এ অনুযায়ী পূর্ব অনুমতির অভাবের যুক্তি এই মামলায় প্রযোজ্য নয়।
এই মামলাটি ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে সময়কালকে ঘিরে, যখন লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী ছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই সময় ভারতীয় রেলের পশ্চিম মধ্য রেলওয়ে, জবলপুরে গ্রুপ ডি স্তরে একাধিক নিয়োগ করা হয়, যেখানে নিয়ম উপেক্ষা করা হয়েছিল। সিবিআই-এর দাবি, এই নিয়োগগুলির বিনিময়ে প্রার্থীরা বা তাদের পরিবারের সদস্যরা জমি বা সম্পত্তি লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের সদস্য বা সহযোগীদের নামে হস্তান্তর করেছিলেন।











