সকালের নিস্তব্ধতা ভেঙে আচমকা বিকট শব্দ। ঘর থেকে ছুটে বেরিয়ে এসে স্থানীয়রা দেখলেন, পুণ্যার্থীবোঝাই একটি বাস রাস্তার ধারে ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে ঢুকে পড়েছে একটি বাড়িতে। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মায়াপুর থেকে ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন একাধিক যাত্রী।
![]()
জামালপুরে ভয়াবহ দুর্ঘটনা
বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ইলামবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, প্রায় ৬০ জন পুণ্যার্থী হুগলির খানাকুল থেকে নবদ্বীপ ও মায়াপুর দর্শনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি।
ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে বাড়িতে বাস
প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে আসা বাসটি প্রথমে রাস্তার ধারের একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। সেই ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাড়িতে সজোরে আছড়ে পড়ে বাসটি। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দুর্ঘটনার অভিঘাতে বাড়ির একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
![]()
গুরুতর আহত ৮, আশঙ্কাজনক ২
দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় জামালপুর থানার পুলিশকে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাসের দরজা না খোলায় আতঙ্ক
দুর্ঘটনার সময় বাসের ভিতরে ভয়াবহ আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। পুণ্যার্থী অরূপ কুমার মণ্ডল জানান, ইলেকট্রিক পোলে ধাক্কা মারার পর বাসের ছাদে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু বাসের ইলেকট্রিক দরজা খুলছিল না। পরে স্থানীয় এক ব্যক্তি শাবল দিয়ে দরজা ভেঙে যাত্রীদের বের করেন। তাঁর দাবি, চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
![]()
বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের
এক স্থানীয় বাসিন্দা জানান, সকালে আচমকা প্রচণ্ড শব্দ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। তখন দেখেন একটি বাস ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে পাশের বাড়িতে ঢুকে পড়েছে। চারপাশ ধুলোয় ঢেকে যায়। আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায় এলাকায়।
![]()
মায়াপুর থেকে ফেরার পথে পুণ্যার্থীবোঝাই একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পূর্ব বর্ধমানের জামালপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ইলেকট্রিক পোলে এবং পরে একটি বাড়িতে ধাক্কা মারে। ঘটনায় অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।












