মুহূর্তে মৃত্যুপুরী উত্তরপ্রদেশ! ভয়ংকর ঝড়ে তছনছ ৩৮ জেলা, একদিনে প্রাণ গেল ৮৯ জনের

উত্তরপ্রদেশে ভয়ংকর ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে মৃত্যু ৮৯ জনের। প্রয়াগরাজ-সহ ৩৮ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, জারি হলুদ সতর্কতা, শুরু ত্রাণকাজ।

বুধবার রাত যেন আতঙ্কের বিভীষিকায় ঢেকে গেল উত্তরপ্রদেশ। আচমকা ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা। ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে শুরু করতেই উপড়ে পড়ে গাছ, ভেঙে যায় বাড়ির দেওয়াল, ছিন্নভিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। একদিনেই মৃত্যু হয়েছে অন্তত ৮৯ জনের, আহত বহু মানুষ।

মুহূর্তে মৃত্যুপুরী উত্তরপ্রদেশ! ভয়ংকর ঝড়ে তছনছ ৩৮ জেলা, একদিনে প্রাণ গেল ৮৯ জনের
৩৮ জেলায় তাণ্ডব চালাল ঝড়

উত্তরপ্রদেশের একাধিক জেলায় বুধবার সন্ধ্যার পর আচমকাই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। সঙ্গে ছিল বড় আকারের শিলাবৃষ্টি ও বজ্রপাত। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ আকার নেয়।রাজ্যের ৩৮টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রশাসনের আশঙ্কা, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সবচেয়ে বেশি ক্ষতি প্রয়াগরাজে

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে প্রয়াগরাজে। সেখানে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মৃতদের মধ্যে মহিলা, শিশু এবং বৃদ্ধও রয়েছেন।এছাড়াও বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশুর মৃত্যুর খবরও সামনে এসেছে। ঝড়ে বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

মুহূর্তে মৃত্যুপুরী উত্তরপ্রদেশ! ভয়ংকর ঝড়ে তছনছ ৩৮ জেলা, একদিনে প্রাণ গেল ৮৯ জনের
গাছ চাপা পড়ে মৃত্যু শিশু থেকে বৃদ্ধের

ঝড়ের তাণ্ডবে বিভিন্ন জেলায় একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। উন্নাওয়ে আমগাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধ কৃষকের। আবার ইউক্যালিপটাস গাছ চাপা পড়ে প্রাণ হারিয়েছে এক শিশু।

বিদ্যুৎহীন বহু এলাকা, থমকে যান চলাচল

প্রবল ঝড়ে শতাধিক বিদ্যুতের খুঁটি ও গাছ ভেঙে পড়ায় রাজ্যের বহু জেলায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। একাধিক রাস্তায় গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।অনেক এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি বলেও অভিযোগ উঠেছে। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার ও বিদ্যুৎ ফেরানোর কাজ শুরু করেছে।

মুহূর্তে মৃত্যুপুরী উত্তরপ্রদেশ! ভয়ংকর ঝড়ে তছনছ ৩৮ জেলা, একদিনে প্রাণ গেল ৮৯ জনের
এখনও জারি আবহাওয়া সতর্কতা

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টাতেও ভারী বৃষ্টি, বজ্রপাত ও ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। লখনউ, জৌনপুর, বান্দা-সহ একাধিক জেলায় বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।বিশেষজ্ঞদের মতে, ঝড় কেটে গেলেও নতুন করে তাপপ্রবাহের আশঙ্কা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।

ত্রাণকাজে নামল প্রশাসন

মুখ্যমন্ত্রীর দফতরের তরফে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে প্রশাসন।জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিদ্যুৎ দফতর যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

মুহূর্তে মৃত্যুপুরী উত্তরপ্রদেশ! ভয়ংকর ঝড়ে তছনছ ৩৮ জেলা, একদিনে প্রাণ গেল ৮৯ জনের
উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড়-বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত একাধিক জেলা। প্রবল ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত ৮৯ জনের। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রয়াগরাজে। প্রশাসনের তরফে জারি হয়েছে সতর্কতা, শুরু হয়েছে জোরকদমে ত্রাণ ও উদ্ধারকাজ।

Leave a comment