স্বাস্থ্য ভালো রাখতে আমরা প্রায় প্রতিদিনই সবুজ শাকসবজি খাই। কিন্তু জানেন কি, কিছু স্বাস্থ্যকর সবজিই ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে? শরীরে অতিরিক্ত পিউরিন জমে তৈরি হয় ইউরিক অ্যাসিড, যা কিডনি ঠিকমতো বের করতে না পারলে জমে যায় জয়েন্ট ও কিডনিতে। ফলে দেখা দেয় তীব্র ব্যথা, ফোলাভাব এমনকি কিডনি স্টোনের মতো সমস্যাও।
কেন বাড়ে ইউরিক অ্যাসিড? পিউরিনই মূল অপরাধী
পুষ্টিবিদদের মতে, কিছু খাবারে প্রাকৃতিকভাবে পিউরিনের মাত্রা বেশি থাকে। শরীর এই পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি করে। সাধারণত প্রস্রাবের মাধ্যমে এটি বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু কিডনি দুর্বল হলে বা মাত্রা বেড়ে গেলে শরীরেই জমতে শুরু করে ইউরিক অ্যাসিডের স্ফটিক।
পালং শাক পুষ্টিকর হলেও সাবধান
পালং শাক ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হলেও এতে পিউরিনের পরিমাণ তুলনামূলক বেশি। ইউরিক অ্যাসিড বা গেঁটেবাতের সমস্যায় ভোগা ব্যক্তিরা নিয়মিত পালং শাক খেলে জয়েন্টের ব্যথা বাড়তে পারে। তাই এই সবজি সীমিত পরিমাণে খাওয়াই নিরাপদ।

মাশরুম প্রোটিন বেশি, ঝুঁকিও কম নয়
মাশরুমে প্রোটিন, ভিটামিন বি ও ডি থাকলেও পিউরিনের মাত্রাও বেশি। ইউরিক অ্যাসিডে ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে মাশরুম অতিরিক্ত খেলে ব্যথা ও ফোলাভাব বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এই সবজি ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত না খাওয়াই ভালো।
ফুলকপি শীতের প্রিয় সবজি, কিন্তু বিপদ ডেকে আনতে পারে
ফুলকপি ক্যানসার প্রতিরোধে সহায়ক হলেও ইউরিক অ্যাসিড রোগীদের জন্য এটি সমস্যার কারণ হতে পারে। এতে থাকা অতিরিক্ত পিউরিন ইউরিক অ্যাসিডের মাত্রা আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে গেঁটেবাত বা কিডনির সমস্যা থাকলে ফুলকপি এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
সবুজ মটরশুঁটি পরিমিত না হলে ক্ষতি
সবুজ মটরশুঁটি পুষ্টিগুণে ভরপুর হলেও এতে মাঝারি মাত্রায় পিউরিন থাকে। অতিরিক্ত খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। তাই আর্থ্রাইটিস বা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগা ব্যক্তিদের অল্প পরিমাণে ও ভালোভাবে রান্না করে খাওয়াই নিরাপদ।
কী করবেন ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে?
পর্যাপ্ত জল পান করুন
হাই-পিউরিন খাবার কমান
নিয়মিত রক্ত পরীক্ষা করুন
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলুন
ইউরিক অ্যাসিড বেড়ে গেলে শুধু জয়েন্টের ব্যথাই নয়, কিডনি স্টোন ও গেঁটেবাতের ঝুঁকিও বাড়ে। পুষ্টিবিদদের মতে, পালং শাক, ফুলকপি, মাশরুম ও সবুজ মটরশুঁটির মতো কয়েকটি জনপ্রিয় সবজি অতিরিক্ত খেলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। জেনে নিন কোন সবজিতে সতর্কতা জরুরি।













