সকাল ৭টা বাজতেই শুরু হয়েছে ভোটগ্রহণ। রাজ্যের বিভিন্ন প্রান্তে বুথের সামনে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন ভোটাররা। নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ ভোট শুরুর আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো।
![]()
যাদবপুরে লম্বা লাইন, কড়া নিরাপত্তা
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বুধেরহাট কেএমসিপি স্কুলে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা যায়। চারটি বুথবিশিষ্ট এই কেন্দ্রে প্রায় ২৭০০ ভোটার রয়েছেন। ভোট শুরুর আগেই বুথের সামনে লম্বা লাইন তৈরি হয়। কড়া নিরাপত্তার মধ্যেই চলে মক পোলিং ও চূড়ান্ত প্রস্তুতি।
হুগলিতে ১৮ কেন্দ্রে ভোট, নজরদারিতে প্রশাসন
হুগলি জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। জেলাজুড়ে মোট বুথের সংখ্যা ৫৫৮২। ভোটারদের আকর্ষণ বাড়াতে তৈরি করা হয়েছে ৫৬টি মডেল বুথ। পাশাপাশি রয়েছে ১০৯৯টি মহিলা বুথ। প্রশাসনের তরফে প্রতিটি কেন্দ্রেই নজরদারি বাড়ানো হয়েছে।
আরামবাগে মহিলাদের দীর্ঘ লাইন
সকাল থেকেই আরামবাগ বিধানসভায় মহিলাদের দীর্ঘ লাইন নজর কেড়েছে। তীব্র গরম উপেক্ষা করেই বহু মহিলা ভোট দিতে লাইনে দাঁড়ান। রাজনৈতিক উত্তেজনার আবহের মধ্যেও সাধারণ মানুষের ভোটদানের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
![]()
বয়স্ক ভোটারদের পাশে কেন্দ্রীয় বাহিনী
মিনাখাঁ বিধানসভার একাধিক বুথে বয়স্ক ভোটারদের সাহায্য করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। হোসেনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে প্রবীণ ভোটারদের নিরাপদে বুথে পৌঁছে দেওয়ার কাজ করেন জওয়ানরা। এই মানবিক ছবিও নজর কেড়েছে ভোটের দিনে।
![]()
আরামবাগে বাড়তি সতর্কতা প্রশাসনের
আরামবাগ মহকুমা বরাবরই রাজনৈতিক সংঘর্ষের জন্য সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। ভোটের আগে গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের উপর হামলা এবং তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই কারণেই ভোটের দিন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কুইক রেসপন্স টিম।
![]()
বুধবার সকাল থেকেই জমে উঠেছে বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। ১৪২টি কেন্দ্রে ভোট চলছে কড়া নিরাপত্তার মধ্যে। বুথের সামনে সকাল থেকেই দেখা গিয়েছে দীর্ঘ লাইন। বিশেষ করে আরামবাগ মহকুমায় রাজনৈতিক অশান্তির আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী ও কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে একাধিক স্পর্শকাতর এলাকায়।











