“এই আসনে সিপিআইএমের জয় নিশ্চিত”—ইংরেজবাজারে প্রচারে আত্মবিশ্বাসী শতরূপ ঘোষ

West Bengal Assembly Elections 2026: মালদহের ইংরেজবাজারে প্রচারে নেমে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের দাবি, এই আসনে জয় নিশ্চিত। প্রার্থী অম্বর মিত্রও আশাবাদী।

নিজে প্রার্থী না হলেও রাজ্যজুড়ে প্রচারে সক্রিয় শতরূপ ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষে তিনি এবার মালদহের ইংরেজবাজারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র-র সমর্থনে ময়দানে নামেন। শহরের বিভিন্ন ওয়ার্ড ও বাজার এলাকায় মিছিল করে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করেন বাম নেতৃত্ব।

“বিজেপিকে কটাক্ষ, ‘প্রার্থী খুঁজে পায়নি’ দাবি শতরূপের”

প্রচারের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন শতরূপ ঘোষ। তাঁর দাবি, এই কেন্দ্রে বিজেপি উপযুক্ত প্রার্থী খুঁজে পায়নি। পূর্ববর্তী বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, পাঁচ বছর এলাকায় তাঁর কোনও খোঁজ মেলেনি। সেই প্রেক্ষিতে ইংরেজবাজারে সিপিআইএমের জয় “প্রায় নিশ্চিত” বলেই দাবি করেন তিনি।

“মানুষের সমর্থনে আশাবাদী অম্বর মিত্র”

অন্যদিকে, প্রার্থী অম্বর মিত্র জানান, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এলাকার মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদিও এর আগে তিনি নির্বাচনে লড়েননি, তবুও পরিচিত মুখ হিসেবে মানুষের ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি করেন। তাঁর কথায়, “ইংরেজবাজারে জয় আমাদেরই হবে।”

“বাম শিবিরে ঐক্যের ছবি, নেতৃত্বদের যৌথ প্রচার”

এদিনের প্রচারে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলেই একসঙ্গে মিছিল করে ভোটারদের কাছে বাম প্রার্থীকে জয়ী করার আবেদন জানান। প্রবীণ ও নবীন নেতৃত্বের মিলিত উপস্থিতিতে মিছিলে উৎসাহ চোখে পড়ার মতো ছিল।

“ফিরবে কি বামফ্রন্ট? প্রচারেই ইঙ্গিত”

প্রচারের ভাষণে বাম নেতৃত্বরা ইঙ্গিত দেন, রাজ্যে ফের বামফ্রন্ট সরকারের প্রত্যাবর্তন সম্ভব। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ পরিবর্তন চাইছেন বলেও দাবি করেন তাঁরা। সেই বার্তা পৌঁছে দিতে গ্রাম-শহর জুড়ে প্রচার জোরদার করছে বাম শিবির।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে মালদহের ইংরেজবাজার কেন্দ্রে জোর প্রচার চালাল সিপিআইএম। প্রার্থী অম্বর মিত্র-র সমর্থনে প্রচারে নেমে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ দাবি করলেন, এই কেন্দ্রে জয় নিশ্চিত। বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে ভোটারদের সমর্থন চান বাম নেতৃত্ব।

Leave a comment