হোয়াটসঅ্যাপ শিগগিরই বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন মডেল চালু করতে পারে, যার আওতায় ব্যবহারকারীদের স্ট্যাটাস ও চ্যানেলস সেকশনে প্রদর্শিত বিজ্ঞাপন বন্ধ করতে অর্থ পরিশোধ করতে হতে পারে। তবে এই সাবস্ক্রিপশনের মূল্য এবং নির্দিষ্ট ফিচার নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। সাবস্ক্রিপশন না নেওয়া ব্যবহারকারীদের বিজ্ঞাপনের সঙ্গে অ্যাপ ব্যবহার করতে হতে পারে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সম্ভাব্য এই পরিবর্তনের পেছনে রয়েছে মেটা কোম্পানির সাবস্ক্রিপশনভিত্তিক আয়ের পরিকল্পনা। সম্প্রতি হোয়াটসঅ্যাপের নতুন ভার্সন 2.26.3.9-এর কোডে এমন ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে স্ট্যাটাস ও চ্যানেলস সেকশন থেকে বিজ্ঞাপন সরানোর জন্য একটি পেইড অপশনের উল্লেখ রয়েছে। এই পরিবর্তন ভবিষ্যতে বৈশ্বিক পর্যায়ে চালু করা হতে পারে, যার মাধ্যমে বিজ্ঞাপন আয় বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের একটি বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতার বিকল্প দেওয়া হবে।

এই প্রস্তাবিত বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশনের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের বিজ্ঞাপন থেকে মুক্তি দেওয়া। বর্তমানে মেটা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ও চ্যানেলস সেকশনে বিজ্ঞাপন পরীক্ষামূলকভাবে প্রদর্শন শুরু করেছে, যা নিয়ে এর আগেও ব্যবহারকারীদের অসন্তোষ প্রকাশ পেয়েছে। নতুন সাবস্ক্রিপশন পরিকল্পনায় অর্থ পরিশোধকারী ব্যবহারকারীরা স্ট্যাটাস ও চ্যানেলস সেকশনে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে মুক্ত থাকতে পারেন।
যেসব ব্যবহারকারী সাবস্ক্রিপশন নেবেন না, তাদের স্ট্যাটাস ও চ্যানেলস সেকশনে নিয়মিত বিজ্ঞাপন দেখতে হতে পারে। তবে ইঙ্গিত অনুযায়ী, চ্যাট, কল বা গ্রুপ ফিচারের ওপর এর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ ফ্রি ব্যবহারকারীরা বিজ্ঞাপনসহ হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, আর সাবস্ক্রিপশন গ্রহণকারীরা বিজ্ঞাপনমুক্ত ইন্টারফেস পাবেন।
সাবস্ক্রিপশনের মূল্য কত হবে এবং বিজ্ঞাপন বন্ধ করা ছাড়া এতে আর কী কী অতিরিক্ত ফিচার থাকবে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য নেই। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মেটার মূল মনোযোগ স্ট্যাটাস ও চ্যানেলস সেকশনে প্রদর্শিত বিজ্ঞাপনেই সীমাবদ্ধ। ফলে হোয়াটসঅ্যাপ পুরোপুরি পেইড অ্যাপে পরিণত না হয়ে একটি ঐচ্ছিক সাবস্ক্রিপশন মডেল অনুসরণ করতে পারে।








