আজকের দিনে ল্যাপটপে কাজ করা মানেই অনলাইন ডেটার উপর নির্ভরতা। কিন্তু আপনি কি জানেন, উইন্ডোজ ল্যাপটপের কিছু ডিফল্ট সেটিংস নীরবে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে? ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার অজুহাতে এই ফিচারগুলি চালু থাকলে বাড়তে পারে ডেটা লিক ও গুপ্তচরবৃত্তির আশঙ্কা।
ডায়াগনস্টিক ডেটা: সিস্টেমের সব তথ্য পৌঁছচ্ছে মাইক্রোসফ্টে
উইন্ডোজের ডায়াগনস্টিক ডেটা সেটিংস আপনার ল্যাপটপের কর্মক্ষমতা, অ্যাপ ব্যবহারের ধরন, ক্র্যাশ রিপোর্ট ও ত্রুটির তথ্য সংগ্রহ করে। এই ডেটা মাইক্রোসফ্টের সার্ভারে পাঠানো হয়, যা বাগ ফিক্স ও আপডেটের কাজে লাগে। তবে এতে ব্যক্তিগত ব্যবহারের তথ্যও অন্তর্ভুক্ত থাকতে পারে।
কীভাবে বন্ধ করবেন:
Settings → Privacy & Security → Diagnostics & Feedback
এখানে গিয়ে Optional Diagnostic Data অপশনটি বন্ধ করুন।
বিজ্ঞাপন আইডি: আপনার অনলাইন আচরণ ট্র্যাক করছে অ্যাপ
উইন্ডোজ প্রতিটি ব্যবহারকারীর জন্য একটি ইউনিক Advertising ID তৈরি করে। এর মাধ্যমে অ্যাপ ও পরিষেবাগুলি আপনার পছন্দ-অপছন্দ বুঝে পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখায়। এটি কার্যত আপনার ডিজিটাল আচরণের উপর নজরদারি করে।
কীভাবে বন্ধ করবেন:
Settings → Privacy & Security → General
এখান থেকে Advertising ID অপশনটি Disable করুন।
অ্যাপ পারমিশন: অপ্রয়োজনীয় অ্যাক্সেসেই বাড়ছে ঝুঁকি
নতুন অ্যাপ ইনস্টল করার সময় অনেকেই চোখ বন্ধ করে মাইক্রোফোন, ক্যামেরা, ক্যালেন্ডার বা লোকেশন অ্যাক্সেসের অনুমতি দিয়ে দেন। কিন্তু অনেক অ্যাপ এমন অনুমতি চায় যা তাদের কাজের জন্য জরুরি নয়।
কী করবেন:
Settings → Privacy & Security → App Permissions
এখানে গিয়ে প্রতিটি অ্যাপের অনুমতি আলাদা করে রিভিউ করুন এবং অপ্রয়োজনীয় অ্যাক্সেস বন্ধ করুন।
লোকেশন সার্ভিস: আপনার অবস্থান জানছে সিস্টেম
বেশিরভাগ ডেস্কটপ বা ল্যাপটপে লোকেশন সার্ভিসের প্রয়োজন হয় না। তবুও এটি চালু থাকলে আপনার ভৌগোলিক অবস্থান মাইক্রোসফ্টের কাছে পাঠানো হয়, যা প্রাইভেসির জন্য বড় ঝুঁকি।
কীভাবে নিয়ন্ত্রণ করবেন:
Settings → Privacy & Security → Location
প্রয়োজন না থাকলে Location Services পুরোপুরি বন্ধ রাখুন।
উইন্ডোজ ল্যাপটপ বা পিসিতে থাকা কিছু ডিফল্ট প্রাইভেসি সেটিংস ব্যবহারকারীর অজান্তেই ডেটা সংগ্রহ করে। এই সেটিংস চালু থাকলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে। কোন কোন সেটিংস সবচেয়ে বিপজ্জনক এবং কীভাবে সেগুলি বন্ধ করবেন, জেনে নিন বিস্তারিত।













