অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনার রেওয়াজ বহু পুরনো। বিশ্বাস করা হয়, এই দিনে কেনা সোনা ঘরে আনে সমৃদ্ধি ও সৌভাগ্য। কিন্তু উৎসবের ভিড়ে অনেক সময় না বুঝেই নকল বা কম বিশুদ্ধতার সোনা কিনে ফেলেন অনেকেই। তাই এই বিশেষ দিনে কেনাকাটার আগে জেনে নিন কীভাবে সহজেই আসল সোনা চিনবেন।
হলমার্ক দেখুন, নিশ্চিত করুন বিশুদ্ধতা
সোনা কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হলমার্ক। Bureau of Indian Standards (BIS) অনুমোদিত হলমার্ক থাকলে তা সোনার বিশুদ্ধতার প্রমাণ। গয়নার উপর BIS লোগো, ২২ ক্যারেটের জন্য 22K916 চিহ্ন এবং ৬ সংখ্যার HUID নম্বর থাকতেই হবে।
মোবাইলেই যাচাই, ব্যবহার করুন BIS অ্যাপ
বর্তমানে প্রযুক্তির সাহায্যে খুব সহজেই সোনা যাচাই করা যায়। BIS Care App ব্যবহার করে HUID নম্বর যাচাই করলে সঙ্গে সঙ্গে জানা যাবে সোনার আসল তথ্য। কোনও তথ্য না এলে সতর্ক হওয়াই ভালো।
ক্যারেট মিটার টেস্টে মিলবে নির্ভুল ফল
সন্দেহ থাকলে জুয়েলার্সের কাছে ক্যারেট মিটার বা XRF মেশিনে পরীক্ষা করান। এতে গয়নার কোনও ক্ষতি না করেই কয়েক সেকেন্ডে সোনার প্রকৃত ক্যারেট জানা যায়।
পাকা বিল নিন, ভবিষ্যতে কাজে লাগবে
সোনা কেনার সময় সবসময় একটি সঠিক বিল সংগ্রহ করুন। বিলে সোনার ওজন, বিশুদ্ধতা, মেকিং চার্জ এবং HUID নম্বর উল্লেখ থাকা জরুরি। ভবিষ্যতে এক্সচেঞ্জ বা অভিযোগের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ম্যাগনেট টেস্টে বুঝুন আসল-নকল
সোনা একটি নন-ম্যাগনেটিক ধাতু। তাই চুম্বকের কাছে ধরলে আসল সোনা কোনও প্রতিক্রিয়া দেখায় না। যদি গয়না চুম্বকের দিকে আকৃষ্ট হয়, তাহলে বুঝতে হবে তাতে ভেজাল রয়েছে।
Akshaya Tritiya উপলক্ষে সোনা কেনা শুভ হলেও, বাজারে ভেজাল সোনার ঝুঁকি থাকে। তাই কেনার আগে অবশ্যই যাচাই করুন। হলমার্ক, HUID নম্বর থেকে ম্যাগনেট টেস্ট—এই ৫টি উপায়ে সহজেই চিনে নিতে পারবেন খাঁটি সোনা।













