হায় রে বাংলাদেশ! ‘ভাইজান’ পাকিস্তানের উপর ভরসা করে পর পর দু’বার সর্বনাশ, বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা

হায় রে বাংলাদেশ! ‘ভাইজান’ পাকিস্তানের উপর ভরসা করে পর পর দু’বার সর্বনাশ, বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা

ক্রিকেট রাজনীতিতে ‘ভাইজান’-এর আশ্বাসে বিশ্বাস রেখে আবারও ঠকে গেল বাংলাদেশ। পর পর দু’বার পাকিস্তানের কথায় ভরসা করে এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার খেসারত দিতে হল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে। শেষ পর্যন্ত পাকিস্তান খেলল, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার।

পাকিস্তানের আশ্বাসেই শুরু ভুল সিদ্ধান্ত

টি-২০ বিশ্বকাপ ঘিরে প্রথম বড় সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাকিস্তান পাশে থাকবে—এই আশ্বাসে বিশ্বকাপ বয়কটের পথে হাঁটে টাইগার শিবির। পাকিস্তান তখন প্রকাশ্যে জানায়, তারা বাংলাদেশের দাবির পাশে রয়েছে এবং একই পথে হাঁটবে।

‘ভাইজান’ খেলল, বাংলাদেশ বাদ

সমস্যা শুরু হয় ঠিক এখানেই। বিশ্বকাপের সময় ঘনিয়ে আসতেই পাকিস্তান জানিয়ে দেয়, তাদের সরকার জাতীয় দলকে বিশ্বকাপে খেলার অনুমতি দিয়েছে। যদিও প্রথমে দাবি করা হয়, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান। কিন্তু শেষমেশ সেই অবস্থান থেকেও সরে আসে তারা। বিশ্বকাপে খেলতে নামে পাকিস্তান, আর বাংলাদেশের দরজা বন্ধই থেকে যায়।

স্কটল্যান্ড সুযোগ পেল, বাংলাদেশ হারাল মঞ্চ

বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। ফলে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ হারান বাংলাদেশের ক্রিকেটাররা। শুধু সম্মানের ক্ষতিই নয়, বড় অঙ্কের আর্থিক লোকসানের মুখেও পড়ে বাংলাদেশ ক্রিকেট।

আইসিসির কাছে পাকিস্তানের চার শর্ত

পাকিস্তান আইসিসির প্রতিনিধিদলের সামনে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য চারটি শর্ত তোলে। এর মধ্যে একটি ছিল—বাংলাদেশকে কোনওরকম আর্থিক জরিমানা করা যাবে না। এই শর্তে সম্মতি দেয় আইসিসি। তবে বাকি তিনটি শর্ত মানতে নারাজ হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের আপত্তি

ভারতে বিশ্বকাপ খেলতে এসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বাংলাদেশ। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, এই দাবি ভিত্তিহীন। আইসিসির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েই বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

পাকিস্তানের আশ্বাসে ভরসা করে বড় সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল বাংলাদেশই। পাকিস্তান বিশ্বকাপে খেললেও বাইরে ছিটকে গেল টাইগাররা। আর্থিক ক্ষতি থেকে শুরু করে ক্রিকেটারদের কেরিয়ারে বড় ধাক্কা—সব মিলিয়ে ভাঁড়ে মা ভবানী দশা বাংলাদেশের।

Leave a comment