Bollywood Engineer: পর্দায় তাঁদের অভিনয় দেখে কে বলবে, একসময় জটিল অঙ্ক, প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনাই ছিল তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ! বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী অভিনয় জগতে পা রাখার আগে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। কেউ ডিগ্রি সম্পূর্ণ করে পেশা বদলেছেন, আবার কেউ অভিনয়ের টানে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ের পড়া ছেড়ে দিয়েছেন। দেখে নিন এমনই ছয় পরিচিত তারকার কথা।
ভিকি কৌশল
ভিকি কৌশল বলিউডে নিজের অভিনয়ের জন্য ইতিমধ্যেই আলাদা জায়গা তৈরি করেছেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ‘স্যাম বাহাদুর’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে।তবে অভিনয়ে সাফল্যের আগে ভিকি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। ২০০৯ সালে মুম্বইয়ের রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি অর্জন করেন তিনি।
কৃতি স্যানন
গ্ল্যামার ও অভিনয়ের দুনিয়ায় পরিচিত মুখ কৃতি স্যানন। জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতাও বেশ চমকপ্রদ।অভিনয় জগতে পা রাখার আগে তিনি নয়ডার জেপি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক সম্পন্ন করেন। ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করার পরই ধীরে ধীরে তিনি বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করেন।
ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ে সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুতের পড়াশোনার কৃতিত্ব ছিল নজরকাড়া। দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় তিনি সর্বভারতীয় স্তরে অত্যন্ত ভালো ফল করেছিলেন।তিনি সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ তাঁকে অন্য পথে নিয়ে যায়। শেষ বর্ষে পৌঁছে ইঞ্জিনিয়ারিংয়ের পড়া ছেড়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন সুশান্ত।
সফটওয়্যার ডেভেলপার ছিলেন তাপসী পান্নু
তাপসী পান্নু অভিনয়ের জগতে একের পর এক শক্তিশালী চরিত্রে নজর কেড়েছেন। তবে সিনেমায় আসার আগে তাঁর পরিচয় ছিল অন্যরকম।নয়াদিল্লির গুরু তেগ বাহাদুর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তিনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। এমনকী মডেলিংকে পেশা হিসেবে নেওয়ার আগে কিছু সময় সফটওয়্যার ডেভেলপার হিসেবেও কাজ করেছিলেন তিনি।
পর্দায় ইঞ্জিনিয়ার, বাস্তবেও ইঞ্জিনিয়ার আর মাধবন
‘থ্রি ইডিয়টস’ ছবিতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার চরিত্রে আর মাধবন-কে দেখেছেন দর্শক। মজার বিষয় হল, বাস্তব জীবনেও তাঁর শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত।মাধবন কোলহাপুরের রাজারাম কলেজ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি জনসমক্ষে বক্তৃতা এবং সামরিক প্রশিক্ষণেরও অভিজ্ঞতা রয়েছে তাঁর।
অভিনয়ের আগে ইঞ্জিনিয়ার সোনু সুদ
অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্যও সোনু সুদ বিশেষভাবে পরিচিত। কিন্তু চলচ্চিত্র জগতে পা রাখার আগে তিনিও ছিলেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।নাগপুরের যশবন্তরাও চ্যাভান কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপরই ধীরে ধীরে তাঁর পা পড়ে মডেলিং ও অভিনয়ের দুনিয়ায়।
বলিউডে এমন বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা জানলে অবাক হতে হয়। অভিনয়ে আসার আগে কেউ ইলেকট্রনিক্স, কেউ কম্পিউটার সায়েন্স, আবার কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। ভিকি কৌশল, কৃতি স্যানন, সুশান্ত সিং রাজপুত, তাপসী পান্নু, আর মাধবন এবং সোনু সুদ—এই তালিকায় রয়েছেন একাধিক জনপ্রিয় তারকা।









