ফাস্টফুডপ্রেমীদের কাছে সন্ধ্যা মানেই রোল, চাউমিন বা মোমোর টান। কিন্তু পকেটের টানাটানিতে অনেক সময় সেই ইচ্ছে অপূর্ণই থেকে যায়। ঠিক এমন সময় পুরুলিয়ার এক ছোট্ট দোকান যেন আশার আলো জ্বালিয়েছে। মাত্র পাঁচ টাকায় প্লেট ভর্তি চাউমিন—শুনতে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব।
কোথায় মিলবে ৫ টাকার চাউমিন?
পুরুলিয়া জেলার ঝালদা মহকুমার কোটশিলা টালি সেন্টারের কাছেই রয়েছে এই জনপ্রিয় ফাস্টফুডের দোকান। স্থানীয়দের কাছে জায়গাটি এখন বেশ পরিচিত। কম দামে সুস্বাদু খাবারের খোঁজে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
দুই ভাইয়ের ব্যতিক্রমী উদ্যোগ
কোটশিলার দুই ভাই—গুল্লু কুমার ও গুড্ডু কুমার—প্রায় ১৮ বছর ধরে এই দোকান চালাচ্ছেন। তাঁদের কথায়, অনেক শিশুই আর্থিক কারণে ফাস্টফুড খেতে পারে না। সেই ভাবনা থেকেই শুরু হয়েছে ৫ টাকার চাউমিন বিক্রি। তবে এই বিশেষ মূল্য মূলত শিশু, দুস্থ ও অসহায়দের জন্যই প্রযোজ্য।
প্রতিদিন ২০০-২৫০ প্লেট বিক্রি
মাত্র ৫ টাকায় চাউমিন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সাড়া পড়ে যায়। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ প্লেট চাউমিন বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কম দামের কারণে এলাকার বাচ্চারা প্রায়ই ভিড় জমায় দোকানে।
সমাজের জন্য মানবিক বার্তা
বর্তমান বাজারে যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামই নাগালের বাইরে, সেখানে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতার কথাও ভেবেছেন এই দুই ভাই। তাঁদের লক্ষ্য, আগামী দিনে দোকানকে আরও বড় আকারে গড়ে তোলা।
দাম বাড়ার বাজারে অবিশ্বাস্য উদ্যোগ! ঝালদা-র কোটশিলা এলাকায় দুই ভাই মাত্র ৫ টাকায় চাউমিন বিক্রি করে নজির গড়েছেন। মূলত শিশু ও দুস্থ মানুষের জন্য এই বিশেষ অফার। প্রতিদিন ২০০–২৫০ প্লেট বিক্রি হচ্ছে বলে দাবি।








