আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোন ও ল্যাপটপ ছাড়া জীবন যেন কল্পনাই করা যায় না। অফিসের কাজ, অনলাইন ক্লাস, সোশ্যাল মিডিয়া কিংবা বিনোদন— দিনের বড় একটা সময়ই কাটছে স্ক্রিনের সামনে। তবে এই অভ্যাসই ধীরে ধীরে ত্বকের বড় ক্ষতির কারণ হয়ে উঠছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ‘ডিজিটাল সানবার্ন’ নামের নতুন এক সমস্যাকে ঘিরে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের মধ্যে।
কী এই ‘ডিজিটাল সানবার্ন’?
ত্বক বিশেষজ্ঞদের মতে, মোবাইল, ল্যাপটপ, টিভি ও ট্যাবলেটের স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট বা উচ্চ-শক্তির দৃশ্যমান আলো ত্বকের গভীরে প্রভাব ফেলতে পারে। এই দীর্ঘমেয়াদি প্রভাবকেই এখন ‘ডিজিটাল সানবার্ন’ বলা হচ্ছে।বিশেষজ্ঞদের দাবি, দীর্ঘ সময় ধরে স্ক্রিনের সংস্পর্শে থাকলে ত্বকের স্বাভাবিক গঠন দুর্বল হতে শুরু করে। ফলে মুখে দ্রুত বয়সের ছাপ ফুটে উঠতে পারে।
কোলাজেন কমলেই বাড়ে বলিরেখা
ত্বককে টানটান ও তরুণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কোলাজেন নামের একটি প্রোটিন। কিন্তু ব্লু লাইটের অতিরিক্ত প্রভাবে সেই কোলাজেন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এর ফলেই মুখে সূক্ষ্ম রেখা, বলিরেখা, ত্বক ঝুলে যাওয়া এবং পিগমেন্টেশনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা রাত জেগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করেন, তাঁদের মধ্যে এই সমস্যা আরও বেশি দেখা যাচ্ছে।
শুধু ত্বক নয়, বাড়ছে আরও নানা শারীরিক সমস্যা
‘ডিজিটাল সানবার্ন’-এর প্রভাব শুধু ত্বকের মধ্যেই সীমাবদ্ধ নয়। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে জ্বালা, মাথাব্যথা, ঘুমের সমস্যা এবং মানসিক ক্লান্তিও বাড়তে পারে।এছাড়াও স্ক্রিনের আলো ত্বককে শুষ্ক করে দেয়। ফলে মুখে ক্লান্ত ও নিষ্প্রভ ভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত স্ক্রিন টাইম এখন আধুনিক জীবনের অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে উঠছে।
কীভাবে কমাবেন এই ঝুঁকি?
বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল ডিভাইস পুরোপুরি ছেড়ে দেওয়া সম্ভব না হলেও কয়েকটি সাধারণ অভ্যাস এই ঝুঁকি অনেকটাই কমাতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ:
প্রতি ২০-৩০ মিনিট অন্তর স্ক্রিন থেকে চোখ সরান
রাতে ডার্ক মোড বা ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন
স্ক্রিন টাইম যতটা সম্ভব সীমিত রাখুন
নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন
পর্যাপ্ত জল পান করুন
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
অ্যান্টিঅক্সিডেন্টও রাখতে পারে ত্বককে তরুণ
বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার ত্বককে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। ফল, সবজি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোন, ল্যাপটপ বা ট্যাবের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ত্বকে পড়তে পারে গুরুতর প্রভাব। বিশেষজ্ঞদের মতে, স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট বা নীল আলো ‘ডিজিটাল সানবার্ন’-এর ঝুঁকি বাড়াচ্ছে। এর ফলে ত্বকে বলিরেখা, পিগমেন্টেশন, নিস্তেজ ভাব এবং অকাল বার্ধক্যের লক্ষণ দেখা দিতে পারে।













