পাঁচতারা বিয়ে: জয়পুরের এক বিলাসবহুল পাঁচতারা হোটেলে চার ঘণ্টার বিয়ের অনুষ্ঠানে ৩৭.৪ লক্ষ টাকার বিল তুলে বিতর্কের ঝড় তুলেছে এক ভাইরাল ভিডিও। একজন অতিথি বলেন, অতিথিদের বেশিরভাগই খুব কম খেয়েছেন, অথচ প্রতি প্লেটের খরচ কর-সহ ৩,৪৪০ টাকা। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে—এত বিপুল অর্থ খরচের প্রয়োজন ছিল কি? অতিথিরা কটাক্ষ করে বলেছেন, “আমাদের কম খাওয়ান, সেই টাকা মেয়ের ভবিষ্যতের জন্য খরচ করুন।”

বিলাসবহুল আয়োজন, সীমিত খাবার—ভিডিওতে বিস্ময়ের সুর
ভাইরাল ভিডিওতে দেখা যায়, জয়পুরের পাঁচতারা হোটেলে আয়োজিত বিয়েতে একজন অতিথি নিজের প্লেটে মাত্র ২৫০ গ্রাম খাবার নিয়েছেন—মুগ ডালের হালুয়া, একটি পাপড় আর সামান্য ব্রকোলি-বাদামের স্যুপ। তিনি দাবি করেন, অধিকাংশ অতিথিই এর চেয়ে বেশি খাননি। কিন্তু প্রতি প্লেটের দাম ৩,৪৪০ টাকা হওয়ায় খরচের অমিল নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।তিনি বলেন, “চার ঘণ্টার অনুষ্ঠানের জন্য ৩৭ লক্ষেরও বেশি টাকা খরচ—এটা ভাবা যায়?”

‘বিয়ে টিকবে তো?’—অস্বস্তিকর প্রশ্নে বিতর্ক তুঙ্গে
অতিথির মন্তব্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে একটি বাক্য—“এত টাকা খরচ করলেন, কিন্তু বিয়ে কত দিন টিকবে?”যদিও মন্তব্যটি কটাক্ষ হিসেবেই বলা, তবুও তা পরিবারগুলির ব্যয়ের ধরন নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়।নেটিজেনদের মতে, সামাজিক সমালোচনার ভয়ে পাল্লা দিতে গিয়ে মানুষ অকারণে আকাশছোঁয়া খরচ করে ফেলছেন।
‘এফডি করুন, ভবিষ্যতে লাগবে’—অতিথিদের পরামর্শে সমর্থনের ঢল
আরও এক অতিথি অভিভাবকদের উদ্দেশে বলেন, “আমাদের বেশি খাওয়াবেন না, পেট ভরা। সেসব টাকা মেয়ের জন্য এফডি করুন, ভবিষ্যতে কাজে লাগবে।”এই মন্তব্যই সবচেয়ে বেশি শেয়ার হয়েছে।অনেকেই সমর্থন করে লিখেছেন—বিয়ে যদি আজীবনের হয়, তাহলে অর্থ ব্যয়ের লক্ষ্যও আজীবন হওয়া উচিত।

নেটদুনিয়ার প্রতিক্রিয়া: ‘খরচ নয়, বিনিয়োগ করুন সন্তানদের ওপর’
কমেন্ট সেকশন ভরে গেছে বিভিন্ন মতামতে।একজন লেখেন, “শিশুদের উদ্যোক্তা হতে টাকা দিন, ভ্রমণ করান, দক্ষতা শেখান—এটাই আসল বিনিয়োগ।”আরেকজনের মতে, “বিয়ে যতই টেকসই হোক, এত খরচ করা শুধু অপচয়। সমাজের দেখনদারির জন্য কোটি টাকা পোড়ানোর কি দরকার?”

জয়পুরের পাঁচতারা হোটেলে ৩৭.৪ লক্ষ টাকার বিল দিয়ে আয়োজিত বিলাসবহুল বিয়ের ভিডিও ভাইরাল। অতিথিরা দাবি করেন—অল্প খাবার খেয়েও প্রতি প্লেটের বিপুল খরচ অপচয় ছাড়া কিছু নয়। নেটদুনিয়ায় প্রশ্ন—অর্থের এত অপব্যবহার কেন? ভবিষ্যতে বিনিয়োগই বা করা হল না কেন?











