Ganesh Chathurthi 2026: গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতাকে কেন নিবেদন করা হয় মোদক ও লাড্ডু? জানুন অজানা পৌরাণিক কাহিনি

Ganesh Chathurthi 2026: গণেশ চতুর্থীতে মোদক ও লাড্ডু কেন ভোগ দেওয়া হয়? জানুন গণেশের প্রিয় মিষ্টির পিছনে থাকা পৌরাণিক কাহিনি ও ধর্মীয় তাৎপর্য।

ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। এই দিন ঘরে ঘরে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়। ফুল, দূর্বা, ফলের পাশাপাশি ভোগে থাকে নানা ধরনের মিষ্টি। তবে মোদক ও লাড্ডুর গুরুত্ব যেন একটু আলাদাই। পুরাণকথা এবং প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দুই মিষ্টির সঙ্গে জড়িয়ে রয়েছে গণেশের বিশেষ পছন্দের কাহিনি।

গণেশের ক্ষুধা মেটাতে মোদক দিয়েছিলেন অনুসূয়া

একটি প্রচলিত পৌরাণিক কাহিনি অনুযায়ী, একদিন ঋষি অত্রি গণেশকে নিজের বাড়িতে ভোজনের জন্য আমন্ত্রণ জানান। ঋষির স্ত্রী অনুসূয়া সাদরে অতিথিকে খাবার পরিবেশন করেন। কিন্তু গণেশ একের পর এক খাবার খেলেও তাঁর ক্ষুধা কিছুতেই মিটছিল না।অতিথিকে তৃপ্ত না করে ফেরানো অনুচিত—এই চিন্তায় চিন্তিত হয়ে পড়েন অনুসূয়া। তখন তিনি গণেশকে মিষ্টি খেতে দেন। সেই সময় তাঁর কাছে বেশ কিছু মোদক প্রস্তুত ছিল। গণেশ সেই মোদক খেয়ে অত্যন্ত তৃপ্ত হন। তাঁর ক্ষুধা মেটে এবং তিনি প্রসন্ন হন।এই পৌরাণিক কাহিনির কারণেই মোদককে গণেশের অন্যতম প্রিয় ভোগ হিসেবে মনে করা হয়।

লাড্ডুর সঙ্গেও জড়িয়ে রয়েছে বিশেষ বিশ্বাস

মোদকের পাশাপাশি লাড্ডুও গণেশের অত্যন্ত পছন্দের মিষ্টি বলে ধর্মীয় বিশ্বাসে উল্লেখ করা হয়। বঙ্গীয় পুরোহিত সভার সভাপতি চণ্ডীচরণ হালদারের বক্তব্য অনুযায়ী, পার্বতী গণেশকে লাড্ডু খেতে দিলে তিনি অত্যন্ত আনন্দিত হন।এই বিশ্বাস থেকেই গণেশ পুজোর ভোগে লাড্ডুর বিশেষ স্থান তৈরি হয়েছে। ভক্তরা মনে করেন, নিষ্ঠার সঙ্গে গণেশকে মোদক ও লাড্ডু নিবেদন করলে সিদ্ধিদাতা তাঁর ভক্তদের মনস্কামনা পূরণ করেন।

গণেশ চতুর্থীর ভোগে আর কী কী থাকে?

গণেশ পুজোয় শুধু মোদক ও লাড্ডুই নয়, বিভিন্ন অঞ্চলে নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি ও পদও তৈরি করা হয়। বিশেষ করে মহারাষ্ট্রে গণেশ উৎসবের সময়ে বাড়িতে বাড়িতে নানা রকম ভোগ প্রস্তুত করার রীতি রয়েছে।

শেরা

সুজির হালুয়ার মতো দেখতে শেরা তৈরি হয় সুজি, ঘি, শুকনো ফলসহ বিভিন্ন উপকরণ দিয়ে। অনেকেই স্বাদে বৈচিত্র্য আনতে কলা বা আনারসও ব্যবহার করেন। তবে উৎসবের সময়ে ঐতিহ্য মেনে সাধারণত ক্লাসিক শেরাই তৈরি করা হয়।

বাসুন্দি

দুধ ঘন করে তৈরি করা বাসুন্দিকে অনেকটা রাবড়ির কাছাকাছি মিষ্টি বলা যায়। এর সুগন্ধ ও স্বাদ উৎসবের ভোগে আলাদা আকর্ষণ তৈরি করে। অনেক জায়গায় পুরির সঙ্গেও বাসুন্দি পরিবেশন করা হয়।

পুরাণ পোলি

মহারাষ্ট্রের জনপ্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি পদগুলির মধ্যে পুরাণ পোলি অন্যতম। মিষ্টি ডালের পুর ভরা এই পদটি দেখতে অনেকটা মিষ্টি রুটির মতো। গণেশ উৎসবের সময় এটি বিশেষভাবে তৈরি করা হয়।

লাড্ডু

বোঁদে, সুজি, বেসন ও শুকনো ফল দিয়ে বিভিন্ন ধরনের লাড্ডু তৈরি করা হয়। পাশাপাশি গণেশ পুজোয় মুড়ি দিয়ে তৈরি মুড়মুড়া লাড্ডুও ভোগ হিসেবে রাখা হয়। মুচমুচে ও মিষ্টি এই পদটি উৎসবের অন্যতম আকর্ষণ।

গণেশ চতুর্থী শুধু সিদ্ধিদাতা গণেশের আরাধনার উৎসব নয়, তাঁর পছন্দের নানা মিষ্টি ও ভোগ নিবেদনেরও বিশেষ রীতি রয়েছে। এর মধ্যে মোদক ও লাড্ডু অন্যতম। কিন্তু কেন এই দুই মিষ্টিই গণেশের প্রিয় বলে ধরা হয়? এর পিছনে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনি ও ধর্মীয় বিশ্বাস।

Leave a comment