ISRO Satellite Launch: বছরের শুরুতেই ধাক্কা, PSLV-C62 ব্যর্থ—মহাকাশে হারাল ১৬টি স্যাটেলাইট

ISRO Satellite Launch: বছরের শুরুতেই ধাক্কা, PSLV-C62 ব্যর্থ—মহাকাশে হারাল ১৬টি স্যাটেলাইট

নতুন বছরের শুরুতেই ইসরোর জন্য অস্বস্তিকর খবর। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা PSLV-C62 মিশন শেষ পর্যন্ত সফল হল না। উৎক্ষেপণের প্রাথমিক ধাপ সফল হলেও তৃতীয় স্তরে ইগনিশনের সময় গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তারপর থেকেই রকেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সফল উৎক্ষেপণ, কিন্তু তৃতীয় ধাপেই বিপত্তি

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ১৭ মিনিটে ২৬০ টন ওজনের PSLV-C62 রকেট মহাকাশের উদ্দেশে রওনা দেয়। প্রথম ও দ্বিতীয় ধাপ নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং দ্বিতীয় ধাপে রকেট থেকে অংশ আলাদাও হয়ে যায়। কিন্তু তৃতীয় ধাপে ইগনিশনের সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রকেট।

বন্ধ হয়ে যায় টেলিমেট্রি আপডেট

তৃতীয় ধাপে সমস্যার পর থেকেই ইসরোর গ্রাউন্ড স্টেশনে আর কোনও টেলিমেট্রি সিগন্যাল পৌঁছয়নি। ফলে রকেট ও স্যাটেলাইটগুলির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এই অবস্থাতেই মিশন ব্যর্থ হওয়ার আশঙ্কা জোরদার হয়।

একসঙ্গে হারাল ১৬টি স্যাটেলাইট

এই অভিযানে মোট ১৬টি স্যাটেলাইট বহন করছিল PSLV-C62। এর মধ্যে ডিআরডিও-র গুরুত্বপূর্ণ কৃত্রিম উপগ্রহ ‘অন্বেষা’-ও ছিল, যা নজরদারি ও প্রতিরক্ষা সংক্রান্ত কাজে ব্যবহৃত হওয়ার কথা ছিল। নির্ধারিত কক্ষপথে প্রবেশ করতে ব্যর্থ হয়ে সেগুলি ভিন্ন কক্ষপথে চলে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

যান্ত্রিক ত্রুটিই মূল কারণ

প্রাথমিক বিশ্লেষণে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, তৃতীয় স্তরের যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপর্যয়। যদিও ঠিক কী কারণে ইগনিশনে সমস্যা দেখা দিল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

 সরোর প্রতিক্রিয়া

ইসরোর চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন জানিয়েছেন, “মিশনের সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। বিশ্লেষণ শেষ হলে বিস্তারিত জানানো হবে।” তবে তিনি এখনও স্পষ্টভাবে বলেননি মিশনটিকে পুরোপুরি ব্যর্থ হিসেবে ঘোষণা করা হয়েছে কি না।

আগেও PSLV মিশনে ধাক্কা

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালেও একটি PSLV মিশনে ব্যর্থতার মুখ দেখতে হয়েছিল ইসরোকে। টানা দুই বছরে এই ধরনের সমস্যা মহাকাশ সংস্থার জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০২৬ সালের প্রথম মহাকাশ অভিযানে বড়সড় ধাক্কা খেল ইসরো। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত PSLV-C62 রকেট তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায়। এর জেরে একসঙ্গে মহাকাশে হারিয়ে যায় ১৬টি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট।

Leave a comment