বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে ফের কেন্দ্র–রাজ্য সংঘাত। I-PAC অফিস ও কর্ণধারের বাড়িতে ইডি হানাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। সেই প্রতিবাদেই আজ রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে জোড়া কর্মসূচিতে মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইডি অভিযানের প্রতিবাদে রাজপথে মমতা যাদবপুর থেকে হাজরা—প্রতিবাদ মিছিল
তৃণমূলের অভিযোগ, তল্লাশির নামে ইডি আদতে গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কেন্দ্রীয় এজেন্সির ‘অতি সক্রিয়তা’র প্রতিবাদে আজ যাদবপুর ৮বি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী নিজেই।
বিজেপিকে সরাসরি আক্রমণ
এই কর্মসূচি থেকেই বিজেপির বিরুদ্ধে আরও একবার সুর চড়াবেন মমতা। তৃণমূলের বক্তব্য, ভোটের মুখে পরিকল্পিত ভাবে রাজ্য সরকারকে কোণঠাসা করতেই এই অভিযান।
আই-প্যাক অফিসে মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিবাদ
ইডির তল্লাশির সময়েই I-PAC কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে ফাইল ও ল্যাপটপ নিয়ে বেরোতে দেখা যায় তাঁকে। অফিসে ঢুকেই ইডি আধিকারিকদের সামনে মুখ্যমন্ত্রীর অভিযোগ—“তোমরা তল্লাশি করতে নয়, চুরি করতেই এসেছ।”
তাহেরপুরে অভিষেকের প্রাক-ভোট কর্মসূচি SIR তালিকা নিয়ে বিজেপিকে নিশানা
অন্যদিকে, আজ তাহেরপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR তালিকায় ‘মৃত’ দেখানো হলেও বাস্তবে জীবিত এমন ব্যক্তিদের বাড়িতে গিয়ে চা-চক্রে অংশ নেবেন তিনি—যার মাধ্যমে ভোটার তালিকা বিতর্কে বিজেপিকে আক্রমণ শানাবে তৃণমূল।
মতুয়া ইস্যুতে রাজনৈতিক বার্তা
তাহেরপুর সফরের অংশ হিসেবে মতুয়া ঠাকুরবাড়িতেও পুজো দেবেন অভিষেক। তৃণমূলের দাবি, মতুয়া ইস্যুতেও বিজেপি বিভ্রান্তির রাজনীতি করছে।
ভোটমুখী বাংলায় ইডি-র I-PAC অভিযান ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ‘নথি চুরির’ অভিযোগ তুলে আজ যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিলে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে তাহেরপুরে প্রাক-নির্বাচনী সভা ও কর্মসূচিতে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়।











