মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বন্যা:সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা ও ধ্বসের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে গিয়ে কেন্দ্রকে সরাসরি আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “এত বড় বিপর্যয় হয়ে গেল, কেউ এসেছে? একটাকা দিয়েছে?” পাশাপাশি ডিভিসির জলছাড়া ও ড্রেজিংয়ের অভাবকে ‘পরিকল্পিত বন্যা’ বলে দাবি করেন মমতা। বৈঠকে উত্তরবঙ্গের একাধিক জেলার প্রশাসক, দফতরের শীর্ষ আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বন্যা বিপর্যয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন
মুখ্যমন্ত্রী স্পষ্ট অভিযোগ তুলেছেন, কেন্দ্রের উদাসীনতায় উত্তরবঙ্গের সাধারণ মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন। তাঁর বক্তব্য, “এত বড় ডিজাস্টার হয়ে গেল, কেউ এল না, একটাকা দিল না।তিনি আরও বলেন, “তিস্তা, তোর্সা, রায়ডাক নদী ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করছে না। আমরা ইন্দো-ভুটান রিভার কমিশন গঠনের প্রস্তাব দিয়েছি, তাও তারা নীরব।”
ডিভিসির জলছাড় ও ড্রেজিং নিয়ে ক্ষোভ
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দক্ষিণবঙ্গেও ডিভিসি, মাইথন ও পাঞ্চেত থেকে জলছাড়া নিয়ন্ত্রণহীন। “ড্রেজিং হয় না, তাই সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়,” — বলেন মুখ্যমন্ত্রী।তাঁর দাবি, উত্তরবঙ্গের বন্যাও প্রকৃতির নয়, মানুষের তৈরি — “ম্যান মেড ফ্লাড।” তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীনই তিনি এই সমস্যা নিয়ে কেন্দ্রকে সতর্ক করেছিলেন।

প্রশাসনিক বৈঠকে ক্ষতিপূরণ ও পুনর্গঠন পরিকল্পনা
শিলিগুড়ির বৈঠকে মুখ্যমন্ত্রী বিপর্যস্তদের জন্য ক্ষতিপূরণের চেক প্রদান করেন। উত্তরবঙ্গের পুনর্গঠন ও ত্রাণে রাজ্য সরকার ১৬১ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে জানান তিনি।চা শ্রমিকদের জন্য স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা নিয়েও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক বার্তা ও আর্থিক বঞ্চনার অভিযোগ
বৈঠকের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, এটি কেবল প্রশাসনিক পর্যালোচনা নয়, কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চও। “বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখে বিজেপিশাসিত রাজ্যকে সুবিধা দেওয়া হচ্ছে,” — দাবি করেন মুখ্যমন্ত্রী।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই বক্তব্য ২০২৬ সালের বিধানসভা ও আসন্ন লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে কেন্দ্র-বিরোধী অবস্থানকে আরও জোরদার করছে।

উত্তরবঙ্গের বন্যা ও ধ্বসে বিপর্যস্ত পরিস্থিতি পর্যালোচনায় শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি অভিযোগ করেন, এত বড় বিপর্যয়ের পরও কেন্দ্র কোনও সাহায্য পাঠায়নি। পাশাপাশি ডিভিসির জলছাড়া নিয়েও কেন্দ্রকে দোষারোপ করে ‘ম্যান মেড ফ্লাড’ বললেন মমতা।











