সিঙাড়া, পিৎজা, কেক বা সাদা পাউরুটি—অজান্তেই প্রতিদিনের খাবারে ঢুকে পড়ছে ময়দা। কিন্তু এই পরিশোধিত ময়দাই হতে পারে নানা শারীরিক সমস্যার কারণ। সাম্প্রতিক এক পরামর্শে পুষ্টিবিদ Lovneet Batra জানিয়েছেন, মাত্র দুই সপ্তাহ ময়দা না খেলেই শরীরে মিলতে পারে চোখে পড়ার মতো পরিবর্তন।
ময়দা কেন ক্ষতিকর?
গম থেকে ময়দা তৈরির সময় এর ফাইবারসমৃদ্ধ অংশ (ব্র্যান ও জার্ম) বাদ দেওয়া হয়। ফলে এটি হয়ে ওঠে শুধুই পরিশোধিত কার্বোহাইড্রেট। এতে পুষ্টিগুণ কম থাকলেও দ্রুত হজম হয়ে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় ও কমায়—যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর।
২ সপ্তাহ ময়দা না খেলে কী কী পরিবর্তন হতে পারে?
এনার্জি লেভেল স্থিতিশীল থাকে
ময়দা খেলে রক্তে শর্করার ওঠানামা বেশি হয়, ফলে ক্লান্তি আসে। এটি বাদ দিলে সারাদিন শক্তি স্থির থাকে।
হজম ও গাট হেলথ উন্নত হয়
ফাইবার না থাকায় ময়দা হজমে সমস্যা করে। তার বদলে সম্পূর্ণ শস্য খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে।
খিদে ও ক্রেভিং কমে
ময়দা দিয়ে তৈরি খাবার দ্রুত হজম হয়ে যায়, ফলে বারবার খিদে লাগে। কিন্তু ফাইবারসমৃদ্ধ খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
ওজন নিয়ন্ত্রণ সহজ হয়
ময়দা কম খেলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
পুষ্টিগুণ বৃদ্ধি পায়
হোল গ্রেইন বা কম প্রক্রিয়াজাত খাবারে ভিটামিন B, আয়রন, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে—যা শরীরের জন্য উপকারী।

ঘুম ও ত্বকের উন্নতি
স্থিতিশীল ব্লাড সুগার ও ভালো হজমের ফলে ঘুমের মান উন্নত হয় এবং ত্বকও সুস্থ থাকে।
কীভাবে শুরু করবেন “No Maida Challenge”?
সাদা পাউরুটির বদলে আটার রুটি বা ব্রাউন ব্রেড বেছে নিন
কেক-বিস্কুটের বদলে ফল বা বাদাম খান
হোল হুইট বা মাল্টিগ্রেইন অপশন বেছে নিন
প্যাকেটজাত খাবার কমিয়ে ঘরোয়া খাবার বাড়ান
প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা ময়দা শরীরের জন্য কতটা ক্ষতিকর? পুষ্টিবিদদের মতে, মাত্র ১৪ দিনের জন্য ময়দা বাদ দিলেই শরীরে দেখা যেতে পারে একাধিক ইতিবাচক পরিবর্তন—হজম, ওজন থেকে এনার্জি—সব ক্ষেত্রেই মিলতে পারে উপকার।













