বাঙালির খাবারের থালায় ভাতের গুরুত্ব চিরকালীন। কিন্তু যত ভালো মানের চালই হোক না কেন, রান্নার আগে সঠিকভাবে ধোয়া না হলে সেই ভাতের স্বাদ, রং ও গঠন সবই নষ্ট হতে পারে। অনেকেই না জেনে এমন কিছু ভুল করেন, যার ফলে ভাত হয়ে যায় আঠালো, ভারী এবং পুষ্টিহীন। তাই রান্নাঘরের এই ছোট্ট কৌশল জেনে রাখা জরুরি।
চাল ধোয়া কেন এত গুরুত্বপূর্ণ?
অনেকেই মনে করেন চাল ধোয়ার উদ্দেশ্য শুধুই ধুলো-ময়লা পরিষ্কার করা। বাস্তবে বিষয়টি তার চেয়েও অনেক বেশি। চালের উপরিভাগে থাকা অতিরিক্ত স্টার্চ বা শ্বেতসার রান্নার সময় দানাগুলোকে একে অপরের সঙ্গে লেগে যেতে বাধ্য করে। ফলে ভাত ঝরঝরে না হয়ে দলা পাকিয়ে যায়।সঠিকভাবে চাল ধুয়ে নিলে এই অতিরিক্ত স্টার্চ দূর হয় এবং ভাত হয় হালকা, সাদা ও আলাদা আলাদা দানার।
ঝরঝরে ভাত পেতে কীভাবে ধুবেন চাল?
প্রথমে প্রয়োজনমতো চাল একটি বড় পাত্রে নিন। তারপর পর্যাপ্ত জল ঢেলে হাত দিয়ে আলতো করে নেড়ে দিন। কয়েক সেকেন্ডের মধ্যেই জল সাদা ও ঘোলাটে হয়ে উঠবে। এটি স্টার্চ বেরিয়ে আসার লক্ষণ।এরপর সেই জল ফেলে দিয়ে নতুন জল নিন। একই প্রক্রিয়া ৩ থেকে ৪ বার করুন। যখন জল প্রায় স্বচ্ছ দেখাবে, তখন বুঝবেন অতিরিক্ত স্টার্চ বেরিয়ে গেছে।
বাসমতি চালের জন্য রয়েছে বাড়তি টোটকা
বাসমতি বা অন্য লম্বা দানার চাল রান্না করলে ধোয়ার পর ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখা ভালো। এতে চাল দ্রুত সিদ্ধ হয় এবং রান্নার পরে দানাগুলো আরও লম্বা ও ঝরঝরে থাকে।পোলাও, ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানির মতো পদে এই কৌশল বিশেষভাবে কার্যকর।
সব চাল কি সমানভাবে ধোয়া উচিত?
একেবারেই নয়। কিছু বিশেষ ধরনের চালে অতিরিক্ত ধোয়া উল্টে ক্ষতির কারণ হতে পারে।যেমন, প্যাকেটের গায়ে যদি “Pre-Washed” লেখা থাকে, তাহলে তা পুনরায় ধোয়ার প্রয়োজন নেই। আবার “Enriched Rice”-এ অতিরিক্ত ভিটামিন ও খনিজ উপাদান যোগ করা থাকে। এই ধরনের চাল বারবার ধুলে সেই পুষ্টির একটি অংশ ধুয়ে যেতে পারে।তাই চাল ব্যবহারের আগে প্যাকেটের নির্দেশাবলী পড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।
যে ভুলগুলো করলে ভাতের মান নষ্ট হয়
চাল জোরে ঘষে ধোয়া
অনেকেই চাল পরিষ্কার করতে গিয়ে বেশি ঘষাঘষি করেন। এতে চালের দানা ভেঙে যেতে পারে।
প্রয়োজনের বেশি ধোয়া
অতিরিক্ত ধোয়ার ফলে চালের স্বাদ ও স্বাভাবিক গঠন নষ্ট হতে পারে।
দীর্ঘক্ষণ জলে ফেলে রাখা
সাধারণ ভাতের চাল অনেকক্ষণ ভিজিয়ে রাখলে রান্নার সময় তা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে।
নির্দেশিকা না পড়া
বিশেষ প্রক্রিয়াজাত চালের ক্ষেত্রে প্যাকেটের নির্দেশ না মানলে পুষ্টিগুণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
পুষ্টি আর স্বাদের ভারসাম্যই আসল রহস্য
ঝরঝরে ভাত পাওয়ার জন্য চাল ধোয়া জরুরি হলেও, অযথা বারবার ধুলে বা ভুলভাবে ধুলে উল্টে পুষ্টিগুণের ক্ষতি হতে পারে। তাই চালের ধরন বুঝে সঠিক পদ্ধতি অনুসরণ করাই বুদ্ধিমানের কাজ।
ভাত ঝরঝরে না হয়ে পাঁকের মতো হয়ে যাচ্ছে? কারণ হতে পারে চাল ধোয়ার ভুল পদ্ধতি। বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ চাল ৩-৪ বার ধুলে অতিরিক্ত স্টার্চ দূর হয় এবং ভাত হয় ঝরঝরে। তবে কিছু বিশেষ ধরনের চাল অতিরিক্ত ধুলে পুষ্টিগুণও কমে যেতে পারে।













