হলুদ ছাড়া বাঙালির রান্নাঘর যেন অসম্পূর্ণ। রান্নার স্বাদ ও রং বাড়ানোর পাশাপাশি ভেষজ গুণেও হলুদের জুড়ি নেই। তবে বাজারের গুঁড়ো হলুদে ভেজাল ও রাসায়নিকের আশঙ্কা থাকায় অনেকেই এখন বাড়িতেই খাঁটি হলুদ চাষের দিকে ঝুঁকছেন। ভালো খবর হল, বড় জমির প্রয়োজন নেই—মাত্র একটি প্লাস্টিকের বস্তা বা গ্রো ব্যাগেই ছাদে কিংবা বাড়ির ছোট্ট জায়গায় সহজে হলুদ চাষ করা সম্ভব।
কেন বস্তা পদ্ধতিতে হলুদ চাষ করবেন?
বস্তা পদ্ধতিতে হলুদ চাষের সবচেয়ে বড় সুবিধা হল, এতে খুব কম জায়গায় ভালো ফলন পাওয়া যায়। একই সঙ্গে আগাছার সমস্যা কম থাকে, পরিচর্যাও সহজ হয় এবং রোগ-পোকার আক্রমণের ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকে।১২ থেকে ১৫ ইঞ্চি আকারের প্লাস্টিকের বস্তা বা গ্রো ব্যাগ এই চাষের জন্য উপযুক্ত।
মাটি কীভাবে প্রস্তুত করবেন?
হলুদ মাটির নিচে বৃদ্ধি পায়, তাই ঝুরঝুরে ও জলনিকাশযুক্ত মাটি প্রয়োজন।
মাটির মিশ্রণে রাখুন—
দোআঁশ মাটি
সমপরিমাণ জৈব সার বা কেঁচো সার
শুকনো পাতার কম্পোস্ট
অল্প পরিমাণ হাড়ের গুঁড়ো
শিং কুচি
এই মিশ্রণ মাটির উর্বরতা বাড়ায় এবং গাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করে।
রোপণের সঠিক সময় ও পদ্ধতি
মে-জুন মাস, অর্থাৎ বর্ষা শুরুর আগে হলুদ লাগানোর আদর্শ সময়।প্রতিটি বস্তায় ২ থেকে ৩ ইঞ্চি গভীরে ২-৩টি অঙ্কুরিত কাঁচা হলুদের টুকরো পুঁতে দিন। এরপর হালকা জল দিন এবং এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো আসে, তবে অতিরিক্ত জল জমে না।
পরিচর্যায় কী কী করবেন?
হলুদ গাছের পরিচর্যা খুব বেশি কঠিন নয়।
প্রয়োজনমতো জল দিন, তবে জল জমতে দেবেন না।
গাছ বড় হলে মাঝে মাঝে খৈল পচা তরল সার ব্যবহার করতে পারেন।
রান্নাঘরের সবজির খোসা ভেজানো জলও প্রাকৃতিক সার হিসেবে কার্যকর।
নিয়মিত আগাছা পরিষ্কার রাখুন।
এই পরিচর্যায় গাছ দ্রুত বেড়ে ওঠে এবং কন্দের বৃদ্ধি ভালো হয়।
কবে হলুদ তুলবেন?
রোপণের প্রায় ৭ থেকে ৮ মাস পর গাছ সংগ্রহের উপযুক্ত হয়।যখন পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে যেতে শুরু করবে, তখন বুঝতে হবে মাটির নিচের হলুদ সম্পূর্ণ পরিপক্ব হয়েছে। সেই সময় বস্তা থেকে তুলে পরিষ্কার করে সংরক্ষণ করতে পারবেন।
বাড়ির প্রয়োজন মিটিয়ে আয়ও সম্ভব
একটি বস্তা থেকেই পরিবারের দীর্ঘ সময়ের হলুদের চাহিদা মেটানো সম্ভব। যদি একাধিক বস্তায় চাষ করা হয়, তাহলে অতিরিক্ত উৎপাদিত হলুদ স্থানীয় বাজারে বিক্রি করেও অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে।বর্তমানে অনেকেই ছাদবাগানে আদা ও হলুদের এই পদ্ধতির চাষ করে সফল হচ্ছেন।
চাষের জমি না থাকলেও এবার বাড়ির ছাদ, বারান্দা বা ফাঁকা জায়গাতেই সহজে হলুদ চাষ করা সম্ভব। বস্তা বা গ্রো ব্যাগ ব্যবহার করে জৈব উপায়ে হলুদ উৎপাদন করলে সারা বছরের প্রয়োজন মিটবে, এমনকি অতিরিক্ত ফলন বিক্রি করেও আয় করা যেতে পারে।













