বড়দিন ও নতুন বছরের ছুটিতে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও ভিড়ভাট্টা একেবারেই পছন্দ নয়? তাহলে চেনা দার্জিলিং-কালিম্পং নয়, বরং এ বার ঘুরে আসুন কালিম্পংয়ের এক শান্ত, অচেনা গ্রাম—সামালবঙ। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে থাকা এই গ্রাম এখনও পর্যটনের ভিড় থেকে অনেকটাই দূরে, ফলে এখানে এসে সত্যিই অনুভব করা যায় পাহাড়ি শান্তি।
শান্তির ঠিকানা সামালবঙ
কালিম্পং শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫২০০ ফুট উচ্চতায় অবস্থিত সামালবঙ গ্রাম। হাতে গোনা কয়েকটি বাড়ি, পাহাড়ি ঢাল, ঘন জঙ্গল আর নির্মল পরিবেশ—সব মিলিয়ে এই গ্রাম যেন শহরের ব্যস্ত জীবন থেকে সম্পূর্ণ আলাদা এক জগৎ।
শীতকালে আরও মোহনীয়
শীতের মরসুমে সামালবঙের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে। এই সময় তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঠান্ডার আবেশে পাহাড়, কুয়াশা আর নীল আকাশ মিলেমিশে তৈরি করে এক অনন্য দৃশ্যপট, যা প্রকৃতিপ্রেমীদের মন জয় করবেই।
কাঞ্চনজঙ্ঘা ভিউ ও নেকলেস ভিউয়ের মুগ্ধতা
ভোরবেলায় চোখ মেললেই দূরে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার ফ্লাওয়ার রেঞ্জ। আর রাত নামলেই পাহাড়ের গায়ে জ্বলজ্বল করে ওঠে দূরের শহরের আলো—যা পর্যটকদের কাছে ‘নেকলেস ভিউ’ নামেই বেশি পরিচিত।
সামালবঙ ভিউ পয়েন্ট—রাইদাঁড়া
গ্রাম থেকে মাত্র দু’মিনিট হেঁটে পৌঁছনো যায় সামালবঙ ভিউ পয়েন্ট বা রাইদাঁড়া-তে। এটি একটি ডেড এন্ড পয়েন্ট, যেখানে বসে উপভোগ করা যায় অপূর্ব সূর্যাস্ত, ঘন জঙ্গল, পাহাড়ি ফুল, পাখির কলতান আর নিচে বয়ে চলা নদীর মৃদু শব্দ। ভাগ্য ভালো হলে দেখা মিলতে পারে ময়ূরেরও।
ভিড়হীন অফবিট অভিজ্ঞতা
সামালবঙের সবচেয়ে বড় আকর্ষণ এর নিরিবিলি পরিবেশ। এখানে নেই বড় হোটেলের কোলাহল বা পর্যটকের ভিড়। সহজ-সরল গ্রামবাসী ও পাহাড়ের নিস্তব্ধতা মিলিয়ে এখানে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়।
শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাইলে কালিম্পংয়ের অফবিট গ্রাম সামালবঙ হতে পারে আদর্শ গন্তব্য। নিরিবিলি পরিবেশ, কাঞ্চনজঙ্ঘা ভিউ, অপূর্ব সূর্যাস্ত ও পাহাড়ি নৈঃশব্দ—সব মিলিয়ে মন ভালো করার এক অনন্য ঠিকানা।













