বর্ষার মরশুমে সিকিমের পাহাড়ি সৌন্দর্য যেমন পর্যটকদের টানে, তেমনই ধস ও খারাপ আবহাওয়ার কারণে রাস্তার পরিস্থিতিও মুহূর্তে বদলে যেতে পারে। তাই সিকিম সফরের আগে সর্বশেষ রোড আপডেট জেনে নেওয়া অত্যন্ত জরুরি। ২৩ জুন ২০২৬-এ প্রকাশিত সিকিম পুলিশ কন্ট্রোল রুমের রিপোর্ট অনুযায়ী, কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক আপাতত বন্ধ থাকলেও অধিকাংশ পর্যটন রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গ্যাংটক জেলায় কোন কোন রাস্তা বন্ধ?
গ্যাংটক জেলার সিংতাম-ডিকচু রোডের রাংচাং এলাকায় বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে হালকা যানবাহনগুলিকে মাখা ১০ মাইল হয়ে খামডুং রুট ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া সিংতাম-মাখা রোডের সিসনে অংশেও যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অন্যান্য প্রধান সড়কে স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে।
উত্তর সিকিমে কোথায় বিধিনিষেধ, কোন রুট খোলা?
তবে পর্যটকদের জন্য স্বস্তির খবর, লাচুং-ইয়ুমথাং, ইয়ুমথাং-জিরো পয়েন্ট এবং থাঙ্গু-গুরুদোংমার রুটে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। এছাড়া মঙ্গন থেকে চুংথাং পর্যন্ত কিছু রাস্তায় শুধুমাত্র হালকা যানবাহনের অনুমতি দেওয়া হয়েছে।
দক্ষিণ ও পশ্চিম সিকিমের রাস্তার অবস্থা
দক্ষিণ সিকিমের নামচি জেলায় রাভাংলা-ইয়াংগাং রোডের গোগুনে অংশে যান চলাচল বন্ধ রয়েছে। পশ্চিম সিকিমের গ্যালশিং জেলায় সোপাখা-চিওয়াভাঞ্জাং রোডও আপাতত বন্ধ।অন্যদিকে, পাকিয়ং এবং সোরেং জেলার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা বর্তমানে পরিষ্কার ও যান চলাচলের উপযোগী বলে জানিয়েছে প্রশাসন।
এনএইচ-১০ নিয়ে বড় স্বস্তির খবর
সিকিমগামী পর্যটকদের জন্য সবচেয়ে ইতিবাচক খবর হল, শিলিগুড়ি থেকে সিকিমের সংযোগকারী জাতীয় সড়ক NH-10 সম্পূর্ণ সচল রয়েছে। ফলে রাজ্যে প্রবেশ করতে আপাতত কোনও সমস্যা নেই। তবে পাহাড়ি এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে রাস্তার পরিস্থিতিও দ্রুত বদলে যেতে পারে। তাই যাত্রার আগে প্রশাসনের সর্বশেষ নির্দেশিকা ও ট্রাফিক আপডেট দেখে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সিকিম ভ্রমণের পরিকল্পনা থাকলে রওনা দেওয়ার আগে অবশ্যই জেনে নিন সর্বশেষ রাস্তার পরিস্থিতি। ধস ও খারাপ আবহাওয়ার জেরে উত্তর সিকিম-সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। তবে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন রুট এখনও সচল রয়েছে। সিকিম পুলিশ কন্ট্রোল রুমের সর্বশেষ রিপোর্টে উঠে এসেছে গুরুত্বপূর্ণ এই আপডেট।











