ডিজিটাল জীবনে হোয়াটসঅ্যাপ ছাড়া একদিনও কল্পনা করা যায় না। ছবি, ভিডিও, নথি আদান-প্রদান থেকে শুরু করে পেমেন্ট—সবকিছুই এখন এই এক অ্যাপেই। আর সেই কারণেই সাইবার অপরাধীদের নজর সবচেয়ে বেশি পড়ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের উপর। একবার অ্যাকাউন্ট হ্যাক হলে মুহূর্তের মধ্যেই বিপদের মুখে পড়তে পারেন আপনি।

কেন হ্যাকারদের মূল নিশানায় হোয়াটসঅ্যাপ
বিশ্বজুড়ে কোটি কোটি সক্রিয় ব্যবহারকারী থাকায় হোয়াটসঅ্যাপ সাইবার অপরাধীদের কাছে সবচেয়ে লোভনীয় প্ল্যাটফর্ম। একটি অ্যাকাউন্ট দখল করতে পারলেই মিলতে পারে কন্ট্যাক্ট লিস্ট, ব্যক্তিগত চ্যাট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য।
OTP ও পিন শেয়ার করলেই সর্বনাশ
হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার সবচেয়ে বড় কারণ হল রেজিস্ট্রেশন কোড বা টু-স্টেপ ভেরিফিকেশন পিন শেয়ার করা। স্ক্যামাররা কখনও বন্ধু, কখনও ডেলিভারি এজেন্ট, আবার কখনও সরকারি আধিকারিক সেজে এই তথ্য আদায়ের চেষ্টা করে। মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ কখনও আপনাকে ফোন বা মেসেজ করে OTP চাইবে না।

টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন বাধ্যতামূলকভাবে
টু-স্টেপ ভেরিফিকেশন আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত নিরাপত্তার স্তর যোগ করে। কেউ যদি আপনার নম্বর পেয়েও যায়, এই পিন ছাড়া অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। তাই সেটিংসে গিয়ে এই ফিচারটি চালু করা অত্যন্ত জরুরি।
অ্যাপ লক ও চ্যাট লক ব্যবহার করুন
শুধু অ্যাকাউন্ট নয়, আপনার ফোনের সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। অ্যাপ লক ও চ্যাট লক চালু থাকলে ফোন অন্যের হাতে গেলেও ব্যক্তিগত চ্যাট সুরক্ষিত থাকবে। বায়োমেট্রিক লক ব্যবহার করলে নিরাপত্তা আরও বাড়ে।

Linked Devices নিয়মিত পরীক্ষা করুন
হোয়াটসঅ্যাপ কোন কোন ডিভাইসে লগইন রয়েছে, তা নিয়মিত চেক করা দরকার। কোনও অচেনা ডিভাইস চোখে পড়লেই সঙ্গে সঙ্গে সেখান থেকে লগ আউট করুন। অনেক সময় হ্যাকাররা নীরবে ওয়েব বা অন্য ডিভাইসে অ্যাকাউন্ট চালায়।
অচেনা লিঙ্ক ও অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকুন
অপরিচিত নম্বর বা ইমেল থেকে আসা লিঙ্ক ও ফাইল খুললেই বিপদ। এর মাধ্যমে ফোনে ম্যালওয়্যার ঢুকে পড়তে পারে, যা আপনার সমস্ত তথ্য চুরি করতে সক্ষম।
হোয়াটসঅ্যাপের সতর্কবার্তা অবহেলা করবেন না
যদি হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশন আসে যে আপনার নম্বর নতুন ডিভাইসে রেজিস্টার হয়েছে, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। এই সতর্কবার্তাকে হালকাভাবে নিলে বড় ক্ষতি হতে পারে।

হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাট অ্যাপ নয়, বরং ব্যক্তিগত তথ্য ও অনলাইন লেনদেনের গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই কারণেই হ্যাকার ও স্ক্যামারদের প্রধান টার্গেটে রয়েছে এই অ্যাপ। তবে কয়েকটি জরুরি সিকিউরিটি টিপস মেনে চললে সহজেই নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সম্ভব।













