প্রতিদিন WhatsApp-এ অসংখ্য ছবি, ভিডিও, ডকুমেন্ট কিংবা অডিও ফাইল আসে। বিশেষ করে একাধিক গ্রুপে থাকলে একই ধরনের ছবি বা ভিডিও বারবার ফোনে জমা হয়ে স্টোরেজ দ্রুত ভর্তি হয়ে যেতে পারে। অনেক সময় এর প্রভাব পড়ে চ্যাট ব্যাকআপেও। তবে এর জন্য গোটা চ্যাট ডিলিট করার প্রয়োজন নেই। কয়েকটি সহজ সেটিংস ও WhatsApp-এর ‘Manage Storage’ টুল ব্যবহার করেই অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফোনে জায়গা তৈরি করা সম্ভব।
WhatsApp-এর ‘Manage Storage’ ফিচারেই মিলবে সমাধান
WhatsApp-এর Settings-এর মধ্যে থাকা ‘Storage and Data’ বিভাগে গেলে ‘Manage Storage’ অপশন পাওয়া যায়। এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর মিডিয়া ফাইল কতটা জায়গা দখল করে রয়েছে, তা সহজেই বোঝা যায়। একইসঙ্গে কোন ধরনের ফাইল বেশি স্টোরেজ নিচ্ছে, সেগুলিও আলাদা করে দেখা সম্ভব।
৫ MB-এর বেশি ফাইল আগে বেছে নিন
‘Manage Storage’ খুললে ‘Larger than 5MB’ নামে একটি বিভাগ দেখা যায়। এখানে বড় আকারের ছবি, ভিডিও, ডকুমেন্ট ও অন্যান্য ফাইলের তালিকা থাকে।সাধারণত বড় ভিডিও বা ফাইলই ফোনের স্টোরেজ দ্রুত ভর্তি করে। তাই তালিকাটি দেখে যেগুলি আর প্রয়োজন নেই, সেগুলি বেছে নিয়ে ডিলিট করা যেতে পারে। গুরুত্বপূর্ণ ফাইল অবশ্যই আগে দেখে নিয়ে তারপর সরাবেন।
বারবার ফরোয়ার্ড হওয়া ফাইলও সরাতে পারেন
WhatsApp-এ ‘Forwarded many times’ বিভাগেও নজর দেওয়া যায়। বিভিন্ন গ্রুপে ঘুরতে থাকা একই ছবি, ভিডিও, অডিও বা ডকুমেন্ট অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে ফোনে জায়গা দখল করে রাখে।এই বিভাগে গিয়ে প্রয়োজন নেই এমন ফাইল নির্বাচন করে মুছে ফেললে অতিরিক্ত স্টোরেজ খালি হতে পারে।
Android ও iPhone-এ কীভাবে করবেন?
প্রথমে WhatsApp খুলে Settings-এ যেতে হবে। এরপর ‘Storage and Data’ থেকে ‘Manage Storage’ অপশনটি খুলুন। সেখানে স্টোরেজ ব্যবহারের তথ্য এবং বিভিন্ন মিডিয়া ফাইলের বিভাগ দেখতে পাবেন।এরপর ‘Larger than 5MB’ অথবা ‘Forwarded many times’ বিভাগে গিয়ে প্রয়োজনহীন ফাইল নির্বাচন করুন। একাধিক ফাইল একসঙ্গে বেছে নিয়ে ডিলিট করার সুবিধাও রয়েছে।
চ্যাট না মুছেও জায়গা খালি করা সম্ভব
স্টোরেজ খালি করার জন্য গোটা ব্যক্তিগত চ্যাট কিংবা গ্রুপ ডিলিট করার প্রয়োজন নেই। প্রয়োজনীয় কথোপকথন রেখে শুধুমাত্র বড় বা অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও ডকুমেন্ট সরিয়ে দিতে পারেন।কোনও নির্দিষ্ট চ্যাট বা গ্রুপে অতিরিক্ত মিডিয়া জমে থাকলে সেই চ্যাটের মিডিয়া ফাইলগুলিও আলাদা করে পর্যালোচনা করা যায়।
ভবিষ্যতে স্টোরেজ বাঁচাতে এই সেটিংস বদলান
বারবার স্টোরেজ ভর্তি হওয়ার সমস্যা কমাতে WhatsApp-এর Media Auto-Download সেটিংসও পরিবর্তন করতে পারেন। প্রয়োজন অনুযায়ী ছবি, ভিডিও বা ডকুমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড বন্ধ রাখলে ফোনে অপ্রয়োজনীয় ফাইল জমার প্রবণতা কমবে।এছাড়াও খুব কম ব্যবহার করা কোনও গ্রুপে প্রয়োজন অনুযায়ী ‘Disappearing Messages’ ফিচার ব্যবহার করা যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ তথ্য বা প্রয়োজনীয় মিডিয়া থাকলে সেটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই সংরক্ষণ করে রাখুন।
WhatsApp-এ ছবি, ভিডিও ও ডকুমেন্ট জমতে জমতে ফোনের স্টোরেজ প্রায় ভর্তি হয়ে যায়। তবে জায়গা খালি করতে গুরুত্বপূর্ণ চ্যাট মুছে ফেলার দরকার নেই। WhatsApp-এর ‘Manage Storage’ ফিচার ব্যবহার করে বড় ও অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল বেছে বেছে সরিয়ে দেওয়া যায়।








