সুস্থ হাড়, শক্ত দাঁত আর পুষ্টিকর খাদ্যের তালিকায় দুধের নাম সবার আগে আসে। শিশু থেকে বৃদ্ধ—সকলের জন্যই দুধ উপকারী বলে দীর্ঘদিন ধরে ধারণা চলে আসছে। তবে পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, দুধ সবার শরীরে একইভাবে কাজ করে না। কিছু ক্ষেত্রে দুধ নিয়মিত খেলে উলটে শরীর আরও অসুস্থ হয়ে পড়তে পারে।

হৃদরোগ ও কোলেস্টেরল সমস্যায় সতর্কতা
যাঁদের হৃদরোগ রয়েছে বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তাঁদের ফুল-ক্রিম দুধ এড়িয়ে চলাই ভালো। ফুল-ক্রিম দুধে থাকা স্যাচুরেটেড ফ্যাট ‘খারাপ’ কোলেস্টেরল বাড়িয়ে হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে। এই ক্ষেত্রে চিকিৎসকেরা স্কিমড বা লো-ফ্যাট দুধ খাওয়ার পরামর্শ দেন।
ল্যাকটোজ ইনটলারেন্সে দুধ হজমের সমস্যা
অনেকের শরীরে ল্যাকটেজ এনজাইমের অভাব থাকে। ফলে দুধে থাকা ল্যাকটোজ হজম করতে গিয়ে পেট ফাঁপা, গ্যাস, পেটব্যথা বা ডায়েরিয়ার মতো সমস্যা দেখা দেয়। যাঁদের এই সমস্যা রয়েছে, তাঁদের ল্যাকটোজ-ফ্রি দুধ বা উদ্ভিজ্জ দুধ বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

দুধ ও ক্যানসার ঝুঁকি নিয়ে কী বলছে গবেষণা
কিছু গবেষণায় ইঙ্গিত মিলেছে, অতিরিক্ত দুধ খেলে পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে যাঁদের পরিবারে ক্যানসারের ইতিহাস রয়েছে, তাঁদের ক্ষেত্রে দুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকলে কাঁচা দুধ নয়
গর্ভবতী মহিলা, বয়স্ক মানুষ বা যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁদের কাঁচা বা না-ফুটানো দুধ খাওয়া বিপজ্জনক হতে পারে। এই ধরনের দুধে ক্ষতিকর ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে, যা গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।

দুধের প্রোটিনে অ্যালার্জি ও ত্বকের সমস্যা
কিছু মানুষের দুধের প্রোটিনে অ্যালার্জি দেখা যায়। এর ফলে ত্বকে র্যাশ, ফোলা বা শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। পাশাপাশি ত্বক বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত দুধ খেলে ব্রণের সমস্যাও বাড়তে পারে।
শিশুদের অতিরিক্ত দুধে রক্তাল্পতার ঝুঁকি
শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত দুধ খাওয়ালে আয়রনসমৃদ্ধ খাবারের প্রতি আগ্রহ কমে যেতে পারে। এর ফলে আয়রনের ঘাটতি জনিত রক্তাল্পতার আশঙ্কা বাড়ে। তাই শিশুদের সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি।

দুধকে স্বাস্থ্যকর পানীয় বলা হলেও কিছু শারীরিক সমস্যায় ভোগা মানুষের জন্য দুধ হতে পারে বিপজ্জনক। হৃদরোগ, ল্যাকটোজ ইনটলারেন্স, অ্যালার্জি থেকে শুরু করে ত্বকের সমস্যায়—কাদের দুধ এড়িয়ে চলা উচিত, জানুন বিস্তারিত।













